নির্বাচনের মুখে চরম ধাক্কা সমাজবাদী পার্টিতে! ডিএম-কে হুমকির সাজা, দোষী সাব্যস্ত আজম খান

সমাজবাদী পার্টির (এসপি) প্রবীণ নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী আজম খান আরও একটি আইনি মামলায় বড়সড় ধাক্কা খেলেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেটের (ডিএম) বিরুদ্ধে করা বিতর্কিত এবং হুমকিমূলক মন্তব্যের জেরে তাঁকে দোষী সাব্যস্ত করেছে রামপুরের বিশেষ এমপি-এমএলএ আদালত। শুনানি শেষে আদালত এই রায় দান করে। সাজা ঘোষণার প্রক্রিয়া কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে বলে জানা গিয়েছে।
কী ছিল সেই ঘটনা?
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় রামপুরে এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন আজম খান। অভিযোগ ওঠে, সেই জনসভা থেকে তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেটকে (ডিএম) উদ্দেশ্য করে চরম আপত্তিকর, বিতর্কিত এবং হুমকিমূলক মন্তব্য করেন তিনি। নির্বাচনী বিধি লঙঘন এবং উস্কানিমূলক বক্তব্য রাখার দায়ে তৎকালীন সময়েই তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারা এবং আদর্শ আচরণবিধি লঙঘনের মামলা দায়ের করা হয়েছিল।

দীর্ঘ শুনানির পর আজ রামপুরের বিশেষ এমপি-এমএলএ আদালত আজম খানকে এই মামলায় দোষী সাব্যস্ত করেছে। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর সাজার পরিমাণ কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করা হবে।

আদালত চত্বরে কড়া নিরাপত্তা
এদিকে আজম খানের এই হাইপ্রোফাইল মামলার রায়কে কেন্দ্র করে সকাল থেকেই রামপুর আদালত চত্বর এবং তার আসেপাশের এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে। যেকোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালত চত্বরের ভেতরে ও বাইরে ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা জোরদার করতে পুলিশের উচ্চপদস্থ কর্তারাও এলাকায় টহল দিচ্ছেন।

উল্লেখ্য, সমাজবাদী পার্টির এই দাপুটে নেতা আজম খানের আইনি জটিলতা নতুন কিছু নয়। এর আগেও একাধিক ফৌজদারি ও দেওয়ানি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। বর্তমানেও তিনি বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারেই দিন কাটাচ্ছেন। নতুন এই মামলায় তাঁর সাজার মেয়াদ কতটা বাড়ে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।