HS Result 2026: তিন বিষয়ে ১০০-তে ১০০! উচ্চ মাধ্যমিকে প্রথম আদৃত, পাসের হারে সবাইকে ওড়াল এই জেলা!

অপেক্ষার অবসান। প্রকাশিত হল ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। চলতি বছর পাসের হার এবং নম্বরের বহর দেখে রীতিমতো চমকে গিয়েছেন শিক্ষাবিদদের একাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দেওয়া তথ্য অনুযায়ী, এবছর রাজ্যে পাসের হার ৯১.২৩ শতাংশ। বরাবরের মতো এবারও মেধাতালিকায় জেলার জয়জয়কার।
মাধ্যমিকেও বাজিমাত আদৃতের, উচ্চ মাধ্যমিকে রাজ্য সেরা
এবারের উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কৃতি ছাত্র আদৃত পাল। বিজ্ঞান বিভাগের এই ছাত্রের প্রাপ্ত নম্বর ৪৯৬ (৯৯.২ শতাংশ)। আদৃতের মার্কশিট কার্যত বিস্ময়কর। রসায়ন, গণিত এবং পদার্থবিদ্যার মতো কঠিন বিষয়ে তিনি ১০০-তে ১০০ নম্বর পেয়েছেন।
একনজরে আদৃতের মার্কশিট:
রসায়ন: ১০০
গণিত: ১০০
পদার্থবিদ্যা: ১০০
ইংরেজি: ৯৯
স্ট্যাটিস্টিক্স: ৯৭
বাংলা: ৯২
ছেলেদের টেক্কা দিল মেয়েরা, শীর্ষে পূর্ব মেদিনীপুর
এবছরের ফলাফলে লিঙ্গবৈষম্য ঘুচিয়ে ফের একবার জয়ী ছাত্রীরা। পাসের হারের নিরিখে ছেলেদের (৮৯.৭১%) পিছনে ফেলে দিয়েছেন মেয়েরা (৯২.৪৭%)। জেলাভিত্তিক ফলাফলে সবাইকে টেক্কা দিয়ে সেরার শিরোপা ধরে রেখেছে পূর্ব মেদিনীপুর (পাসের হার ৯৪.১৯%)।
একনজরে উচ্চ মাধ্যমিক ২০২৬-এর হাইলাইটস:
মোট পাসের হার: ৯১.২৩%
মেধাতালিকায় স্থান: প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন মোট ৬৪ জন।
জেলার দাপট: দক্ষিণ ২৪ পরগনা থেকে মেধাতালিকায় ১৯ জন এবং পুরুলিয়া থেকে ১৭ জন জায়গা করে নিয়েছেন। তুলনায় পিছিয়ে কলকাতা, শহর থেকে প্রথম দশে ঠাঁই পেয়েছেন মাত্র ৪ জন।
সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই স্কুলগুলি থেকে মার্কশিট ও সার্টিফিকেট বিতরণ শুরু হবে।