রাজ্যে আর নেই ‘অঘোষিত নিষেধাজ্ঞা’! অবশেষে বাংলার হলে বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য বেঙ্গল ফাইলস’

অপেক্ষার অবসান। দীর্ঘ বিতর্ক, আইনি লড়াই আর রাজনৈতিক টানাপোড়েনের পাহাড় টপকে অবশেষে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বিবেক রঞ্জন অগ্নিহোত্রী পরিচালিত বহুচর্চিত ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’। গত বছর সারা দেশে মুক্তি পেলেও তৎকালীন সরকারের ‘অঘোষিত নিষেধাজ্ঞা’র কোপে পড়ে বাংলার কোনো সিনেমা হলের মুখ দেখতে পারেনি এই ছবি। তবে রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রেক্ষাপট বদলেছে। আজ থেকেই কলকাতার বিভিন্ন হল-সহ গোটা রাজ্যের একাধিক স্ক্রিনে দেখা যাবে এই ছবি।

সিনেমা নয়, যেন রাজনৈতিক যুদ্ধ!
পরিচালক বিবেক অগ্নিহোত্রীর দাবি ছিল, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর প্রশাসনের চাপে হল মালিকরা ভয়ে ছবিটি চালাতে রাজি হননি। নিজের দীর্ঘ লড়াইয়ের কথা তুলে ধরে পরিচালক এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লেখেন, “কলকাতায় ট্রেলার লঞ্চ আটকে দেওয়া হয়েছিল, আমার নামে ডজন ডজন এফআইআর হয়েছে। আমি বাংলায় ‘ক্যানসেলড’ হয়ে গিয়েছিলাম। এমনকি রাজ্যপালের হাত থেকে পুরস্কার নিতে পর্যন্ত যেতে পারিনি।” তবে হার না মানার মানসিকতাই যে আজ ছবিটিকে বড় পর্দায় ফিরিয়ে আনল, তা স্পষ্ট করেছেন তিনি।

আপ্লুত ‘গোপাল পাঁঠা’ ওরফে সৌরভ দাস
এই ছবিতে অন্যতম প্রধান চরিত্র ‘গোপাল পাঁঠা’র ভূমিকায় অভিনয় করেছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস। নিজের রাজ্যে ছবি মুক্তি পাওয়ায় স্বভাবতই উচ্ছ্বসিত তিনি। অভিনেতা আক্ষেপের সুরে বলেন, “আমার কাজ বাইরের রাজ্যের মানুষ দেখল কিন্তু আমার শহরের মানুষ দেখতে পারল না— এই অসম্পূর্ণতাটা এতদিন কুরে কুরে খাচ্ছিল। আমার মা নিজে টাটানগরে গিয়ে সিনেমাটা দেখে এসেছেন। আমিও মুম্বইয়ে বসে ছবিটা দেখেছি।”

সৌরভ আরও যোগ করেন, “মন্টু পাইলট বা গুটি মল্লার দেখে যারা আমাকে ভালোবাসেন, তাঁরা আমাকে বলিউডের এমন একটা শক্তিশালী চরিত্রে দেখলে খুশিই হবেন। এমনকি ছবিটা দেখার পর খোদ অনুপম খের স্যার আমাকে ফোন করে প্রশংসা করেছিলেন।”

তারকাসমৃদ্ধ একঝাঁক অভিনেতা
ছবিতে শুধু সৌরভ দাস নন, বাংলার আরও দুই শক্তিমান অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় ও দিব্যেন্দু ভট্টাচার্যকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। এছাড়াও রয়েছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী যোশী, প্রিয়াংশু চট্টোপাধ্যায় এবং মিঠুন-পুত্র নমশী চক্রবর্তী।

বড় পরিসরে মুক্তির পরিকল্পনা
ছবির ডিস্ট্রিবিউটার শতদীপ সাহা জানিয়েছেন, শুধুমাত্র কলকাতাই নয়, উত্তর থেকে দক্ষিণ— গোটা রাজ্যের একাধিক প্রেক্ষাগৃহে ‘দ্য বেঙ্গল ফাইলস’ দেখানোর পরিকল্পনা চলছে। রাজনৈতিক পরিবর্তনের এই আবহে সিনেমাটি বক্স অফিসে কেমন সাড়া ফেলে, এখন সেটাই দেখার।