অপেক্ষার অবসান! আজই মাধ্যমিকের ফল প্রকাশ, কোন লিঙ্কে ক্লিক করলে সবার আগে রেজাল্ট?

রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ও অভিভাবকদের বুক ধড়ফড়ানি এবার থামার পালা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ, বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। জীবনের প্রথম বড় পরীক্ষার ফল জানতে উদগ্রীব হয়ে রয়েছেন প্রায় পৌনে ১০ লক্ষ পরীক্ষার্থী। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ইতিমধ্য়েই ফল প্রকাশের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

কখন এবং কোথায় দেখা যাবে রেজাল্ট?
পর্ষদ সূত্রে জানানো হয়েছে, আজ সকাল ৯টা ৩০ মিনিটে এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মেধা তালিকা ও ফলাফল ঘোষণা করবেন পর্ষদ সভাপতি। তবে পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের প্রাপ্ত নম্বর দেখতে পারবেন সকাল ১০টা ১৫ মিনিট থেকে।

রেজাল্ট দেখার জন্য পরীক্ষার্থীদের নজর রাখতে হবে পর্ষদ নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইটগুলিতে:

www.wbbse.wb.gov.in

www.wbbsedata.com

ফলাফল দেখার সহজ পদ্ধতি:
১. প্রথমে উপরে উল্লিখিত যেকোনো একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২. হোমপেজে থাকা ‘Madhyamik Result’ বা ‘Result’ লিঙ্কে ক্লিক করতে হবে।
৩. এরপর নির্দিষ্ট বক্সে পরীক্ষার্থীর রোল নম্বর এবং জন্মতারিখ (পাসওয়ার্ড হিসেবে) ইনপুট দিতে হবে।
৪. ‘Submit’ বাটনে ক্লিক করলেই স্ক্রিনে ভেসে উঠবে কাঙ্ক্ষিত ফলাফল। এটি ডাউনলোড বা প্রিন্ট আউট করে রাখা যাবে।

পরীক্ষার্থীদের পরিসংখ্যান ও লিঙ্গভেদ:
এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি এবং শেষ হয় ১২ ফেব্রুয়ারি। পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৯ লক্ষ ৭১ হাজার। রাজ্যের ২ হাজার ৬৮২টি কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে এই পরীক্ষা নেওয়া হয়েছিল। এবারের পরীক্ষাতেও ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যাধিক্য চোখে পড়ার মতো— যেখানে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৪৪ হাজারের বেশি, সেখানে ছাত্রীর সংখ্যা ৪ লক্ষ ২৬ হাজার ছাড়িয়েছে।

মার্কশিট মিলবে কবে?
অনলাইনে রেজাল্ট দেখার পাশাপাশি ছাত্রছাত্রীরা আজই হাতে পাবেন হার্ডকপি বা অরিজিনাল মার্কশিট। পর্ষদ জানিয়েছে, সকাল ১০টা ৩০ মিনিট থেকে নির্দিষ্ট ক্যাম্প অফিসগুলি থেকে স্কুল কর্তৃপক্ষকে মার্কশিট ও সার্টিফিকেট বিতরণ করা হবে। স্কুলগুলি সেই মার্কশিট সংগ্রহ করার পর দুপুরের পর থেকে ছাত্রছাত্রীদের হাতে তা তুলে দিতে পারবে।

নতুন সরকারের শপথের আবহে এই ফল প্রকাশ ছাত্রছাত্রীদের মধ্যে বাড়তি উত্তজনা তৈরি করেছে। দ্রুততম সময়ে স্বচ্ছতার সঙ্গে ফল প্রকাশ করতে পারায় পর্ষদের প্রশংসায় পঞ্চমুখ শিক্ষা মহল।