“জয়ের পরেই কথা রাখলেন কৃষ্ণেন্দু!”-আসানসোলে খুলল তালাবন্ধ থাকা মন্দির

বাংলায় আছড়ে পড়েছে গেরুয়া কালবৈশাখী। আর সেই ঝড়ে খড়কুটোর মতো উড়ে গিয়েছে শাসকদল তৃণমূল। গোটা রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলাতেও ফুটেছে পদ্ম। বিশেষ করে আসানসোলে বিজেপির এই বিপুল জয়ের পর এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকল শিল্পাঞ্চল। আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে জয়ের শংসাপত্র হাতে নিয়েই নিজের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করলেন বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। দীর্ঘ কয়েক বছর ধরে তালাবন্ধ থাকা বস্তিন বাজারের ‘শ্রী শ্রী দুর্গামাতা চ্যারিটেবল ট্রাস্ট’-এর মন্দিরের দ্বার খুলে দিলেন তিনি।

আসানসোল উত্তরের এই জয় স্রেফ রাজনৈতিক জয় নয়, বরং এলাকাবাসীর কাছে এটি এক বড় জয় হিসেবেই দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে আইনি জটিলতা ও নানা বিবাদের জেরে সারা বছর বন্ধ থাকত এই মন্দির। শুধুমাত্র দুর্গাপুজো ও লক্ষ্মীপুজোর ক’দিন সাধারণের জন্য খোলা হতো এর দরজা। কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ভোটের আগেই কথা দিয়েছিলেন, জয়ী হলে তিনি মন্দিরটি সাধারণ ভক্তদের জন্য সারা বছর উন্মুক্ত করে দেবেন। সোমবার ফলাফল স্পষ্ট হতেই তিনি সরাসরি পৌঁছে যান বস্তিন বাজারে এবং নিজের হাতে মন্দিরের তালা খোলেন।

উৎসবের মেজাজ বস্তিন বাজারে

পশ্চিম বর্ধমান জেলার ৯টি বিধানসভা আসনেই এবার জয়লাভ করেছে বিজেপি। জেলার এই ‘ক্লিন সুইপ’ এবং দীর্ঘদিনের তালাবন্ধ মন্দির খুলে যাওয়ায় এলাকায় অকাল উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। খবর ছড়িয়ে পড়তেই দলে দলে সাধারণ মানুষ মন্দিরে ভিড় করতে শুরু করেন। চলে পুজো-অর্চনা এবং জয়ের আনন্দ উদযাপন। এলাকাবাসীদের মতে, এটি স্রেফ একটি মন্দির খোলা নয়, বরং রাজনৈতিক পরিবর্তনের এক বড় প্রতীকী প্রতিফলন।

শান্তি বজায় রাখার কড়া বার্তা শুভেন্দুর

নির্বাচনী ফলাফল ঘোষণার পর রাজ্যের কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে। তৃণমূলের অভিযোগ, তাদের একাধিক কার্যালয় দখল করা হয়েছে এবং কর্মীদের ওপর হামলা হচ্ছে। যদিও বড় কোনো নাশকতার খবর এখনও মেলেনি।

এই পরিস্থিতিতে জয়ের আনন্দে আত্মহারা না হয়ে কর্মীদের সংযত থাকার কড়া নির্দেশ দিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। বিশেষ করে শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়েছেন, “কোনো রকম ঝামেলা বা অশান্তিতে জড়ানো যাবে না। আইন আইনের পথেই চলবে।” অশান্তি এড়াতে বিজেপি কর্মীদের কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে যাতে জয়ের উৎসবে কোনো কালিমালিপ্ত না হয়।

এক নজরে ২৬-এর ফলাফল:

শেষ খবর পাওয়া পর্যন্ত, বাংলায় পরিবর্তনের এই মহাযুদ্ধে ২০৬টি আসনে জিতে ম্যাজিক ফিগার পার করেছে বিজেপি। অন্যদিকে, গতবারের শাসকদল তৃণমূল আটকে গিয়েছে মাত্র ৮১টি আসনে। এছাড়া কংগ্রেস ২টি, বাম ১টি এবং আইএসএফ ১টি আসনে জয়লাভ করেছে। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে রাজভবনে আয়োজিত হবে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান।