৫ টাকার পুরোনো নোটেই হবে কপাল ফেরানো ‘লটারি’? ভুল করেও এই ফাঁদে পা দেবেন না, রাজস্থানে ঘটল চরম বিপর্যয়!

আপনার কাছে কি ট্রাক্টরের ছবি দেওয়া পুরোনো ৫ টাকার নোট আছে? সোশ্যাল মিডিয়ায় এমন নোট লক্ষ লক্ষ টাকায় বিক্রির বিজ্ঞাপন দেখে প্রলুব্ধ হওয়ার আগে সাবধান! রাজস্থানের আজমেরে এই ৫ টাকার নোটের লোভ দেখিয়ে এক মহিলার কাছ থেকে ৩.৬৬ লক্ষ টাকা হাতিয়ে নিল সাইবার প্রতারকরা। জালিয়াতির এই নতুন ধরণ দেখে কপালে ভাঁজ পড়েছে দুঁদে পুলিশ কর্তাদেরও।

বিজ্ঞাপন থেকেই সর্বনাশের শুরু:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত মহিলা ফেসবুকে একটি বিজ্ঞাপন দেখেছিলেন। সেখানে দাবি করা হয়েছিল, ট্রাক্টর আঁকা বিশেষ ৫ টাকার নোট থাকলে তার বিনিময়ে ৪৮ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া সম্ভব। কৌতূহলবশত বিজ্ঞাপনে দেওয়া নম্বরে যোগাযোগ করতেই পাতা হয় জালিয়াতির জাল। প্রতারকরা নিজেদের পুরোনো মুদ্রা ও কয়েন কেনাবেচার বড় ব্যবসায়ী হিসেবে পরিচয় দেয়।

যেভাবে চলল ধাপ্পাবাজি:
মহিলাকে বিশ্বাস করানোর জন্য প্রতারকরা পুরো বিষয়টিকে সরকারি প্রক্রিয়ার মতো সাজিয়েছিল। শুরুতে রেজিস্ট্রেশন ফি বাবদ মাত্র ৫২০ টাকা চাওয়া হয়। এরপর ধাপে ধাপে আরবিআই (RBI) ক্লিয়ারেন্স, জিএসটি (GST), ফাইলিং চার্জ এবং ট্রান্সফার ডিউটির নামে আলাদা আলাদা ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিতে বাধ্য করা হয় তাঁকে। ৪৮ লক্ষ টাকা পাওয়ার আশায় ওই মহিলা কয়েক দফায় মোট ৩ লক্ষ ৬৬ হাজার টাকা প্রতারকদের হাতে তুলে দেন।

হুমকি ও ফোন সুইচড অফ:
বেশ কিছুদিন পার হয়ে যাওয়ার পর যখন কোনো টাকা আসেনি এবং উল্টে আরও টাকার দাবি করা হয়, তখনই সন্দেহ জাগে ওই মহিলার মনে। তিনি টাকা ফেরত চাইতেই ভোল বদলে ফেলে প্রতারকরা। তাঁকে হুমকি দেওয়া শুরু হয় এবং এক পর্যায়ে সব ফোন নম্বর বন্ধ করে দেয় অভিযুক্তরা।

পুলিশি তৎপরতা:
প্রতারণার শিকার হয়ে ওই মহিলা আজমের থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ একটি মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। সাইবার বিশেষজ্ঞদের মতে, এই ধরনের লোভনীয় অফার দিয়ে মানুষকে ফাঁদে ফেলাই এখন প্রতারকদের নতুন অস্ত্র। ডেইলিয়ান্ট-এর পক্ষ থেকে পাঠকদের সতর্ক করা হচ্ছে—না চিনে কাউকে অনলাইনে টাকা পাঠাবেন না এবং পুরোনো মুদ্রার লোভনীয় বিজ্ঞাপন থেকে দূরে থাকুন।