বিস্ফোরক মমতা! রেজাল্টের দিন কাউন্টিং এজেন্টদের নিয়ে কেন এমন কড়া নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো?

২০২৬ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক পারদ। আর এই হাইভোল্টেজ আবহেই দলের প্রার্থীদের জন্য কড়া অনুশাসন জারি করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট নির্দেশ—ভোট গণনার দিন তিনি নিজে সাংবাদিক সম্মেলন না করা পর্যন্ত কোনো প্রার্থী বা এজেন্ট কাউন্টিং সেন্টার বা গণনাকেন্দ্র ছেড়ে বেরোতে পারবেন না।
রাজনৈতিক মহলের মতে, এবারের নির্বাচনে প্রতিপক্ষ শিবিরের কৌশল মোকাবিলা করতে এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ মমতা। অতীতে গণনার শেষ মুহূর্তে অনেক কেন্দ্রেই ফলাফল ওলটপালট হয়ে যাওয়ার তিক্ত অভিজ্ঞতা রয়েছে তৃণমূলের। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখেই এবার আগাম সতর্কতা অবলম্বন করছেন তিনি।
প্রার্থীদের উদ্দেশ্যে নেত্রীর বিশেষ নির্দেশিকা:
-
শেষ মুহূর্ত পর্যন্ত নজরদারি: পোস্টাল ব্যালট থেকে শুরু করে ইভিএম-এর শেষ রাউন্ডের গণনা শেষ না হওয়া পর্যন্ত কাউন্টিং টেবিল ছাড়া যাবে না।
-
সার্টিফিকেট না নিয়ে প্রস্থান নয়: জয় নিশ্চিত হওয়ার পর রিটার্নিং অফিসারের কাছ থেকে জয়ের শংসাপত্র বা সার্টিফিকেট হাতে না পাওয়া পর্যন্ত কেন্দ্র ত্যাগ করা চলবে না।
-
নেত্রীর সবুজ সংকেতের অপেক্ষা: ফলাফল ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কালীঘাট থেকে সাংবাদিক বৈঠক করবেন। যতক্ষণ না তিনি চূড়ান্ত বক্তব্য রাখছেন, ততক্ষণ কোনো প্রার্থীকে সংবাদমাধ্যমে মুখ না খোলার বা জয়োল্লাসে গা ভাসিয়ে মাঠ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
তৃণমূলের অন্দরমহল সূত্রে খবর, ইভিএম গণনায় সূক্ষ্ম কারচুপি বা গণনাকেন্দ্রে কোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতেই এই নির্দেশ। বিশেষ করে যেসব আসনে ব্যবধান কম হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে এজেন্টদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বিরোধীদের দাবি, পরাজয় নিশ্চিত বুঝেই আগেভাগে কর্মীদের চাপে রাখছেন মমতা। তবে তৃণমূল শিবিরের দাবি, স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রিজাইডিং অফিসারদের ওপর নজর রাখতেই এই ব্যবস্থা। সব মিলিয়ে গণনার দিন যে নজিরবিহীন স্নায়ুর লড়াই হতে চলেছে, তা মমতার এই নির্দেই স্পষ্ট।