ব্যাটে কি লুকানো চিপ? পাক বিশেষজ্ঞের ‘বিস্ফোরক’ অভিযোগের মুখে যা বললেন বৈভব, শুনে হাসি থামবে না!

আইপিএল ২০২৬-এর মঞ্চে বর্তমানে সবথেকে আলোচিত নাম ১৫ বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। একের পর এক বিধ্বংসী ইনিংস খেলে যখন সে বিশ্ব ক্রিকেটকে তাক লাগিয়ে দিচ্ছে, ঠিক তখনই তার পারফরম্যান্স নিয়ে অবিশ্বাস্য এক দাবি করে বসলেন পাকিস্তানের ক্রিকেট বিশেষজ্ঞ ডক্টর নোমান নিয়াজ। তাঁর দাবি, বৈভবের ব্যাটে নাকি গোপন ‘AI চিপ’ লাগানো আছে! এবার সেই বিতর্কিত অভিযোগের মুখে দাঁড়িয়ে মজার ছলে মোক্ষম জবাব দিল বিহারের এই খুদে ওপেনার।

কী বলেছিলেন পাক বিশেষজ্ঞ নোমান নিয়াজ?
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি হাঁকানোর পর থেকেই উত্তাল ক্রিকেট দুনিয়া। এই ইনিংস দেখেই নিজের ইউটিউব চ্যানেলে নোমান নিয়াজ দাবি করেন, বৈভবের ব্যাট পরীক্ষা করা উচিত। তাঁর কথায়, “কে এই বৈভব? যে ভাবে বিশ্ব ডোপ বিরোধী সংস্থা (WADA) অ্যাথলিটদের ডোপ পরীক্ষা করে, সেভাবেই বৈভবের ব্যাটও পরীক্ষা করা দরকার। আমার মনে হয় ও ব্যাটে AI চিপ লাগিয়ে খেলে, তাই এত নিখুঁত ব্যাটিং করতে পারে!”

বৈভবের জাদুকরী জবাব
সম্প্রতি রাজস্থান রয়্যালসের সমাজমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে বৈভবকে সরাসরি প্রশ্ন করা হয়, “সত্যিই কি তোমার ব্যাটে কোনো AI চিপ লাগানো আছে?”

এমন আজব অভিযোগ শুনে দমে না গিয়ে ১৫ বছরের বৈভব তার সহজাত সারল্যের সঙ্গেই উত্তর দেয়। সে হাসতে হাসতে বলে, “হ্যাঁ, ঈশ্বর লাগিয়ে দিয়েছেন। উপর থেকেই ঈশ্বর আমাকে বলেছিলেন, তোমার ব্যাটটা দাও, একটা জিনিস লাগিয়ে দিচ্ছি। আমি সেই ব্যাটটাই ব্যবহার করি।” বৈভবের এই উত্তরে স্পষ্ট যে, পাক বিশেষজ্ঞের হিংসে মেশানো অভিযোগকে সে স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে।

আইপিএলে বৈভবের রূপকথা
বয়স মাত্র ১৫ হলে কী হবে, বড় বড় বোলারদের রাতের ঘুম কেড়ে নিয়েছে এই বাঁ-হাতি ব্যাটার। আইপিএল ২০২৬-এ এখনও পর্যন্ত ৯ ম্যাচে ৪০০ রান করে ফেলেছে বৈভব। এর মধ্যে রয়েছে একটি অবিশ্বাস্য সেঞ্চুরি। উল্লেখ্য, ২০২৫ সালের আইপিএলেও সে একটি শতরান করে নজর কেড়েছিল।

বিদেশের মাটিতে বসে যখন ভারতের এই প্রতিভার দিকে আঙুল তোলা হচ্ছে, তখন মাঠের পারফরম্যান্স আর মাঠের বাইরে বুদ্ধিদীপ্ত উত্তরে বৈভব বুঝিয়ে দিল— তার ব্যাটে কোনো চিপ নয়, আসলে রয়েছে ঈশ্বরের আশীর্বাদ আর কঠিন পরিশ্রমের জোর। সমাজমাধ্যমে এখন ভাইরাল বৈভবের এই ‘চিপ জোকস’, যেখানে নেটিজেনরা বলছেন, “ব্যাট নয়, আসলে পাকিস্তানের বিশেষজ্ঞের মাথায় চিপ লাগানো দরকার!”