বাজারে সবজির আগুন দাম? পকেট বাঁচাতে ছাদেই ফলান ৫ সবজি, ২ মাসেই কেল্লাফতে!

বৈশাখের চড়া রোদ মানেই বাজারে সবজির দামে আগুন। ৮০ টাকা কিলো ঢেঁড়স আর ৬০ টাকার ঝিঙে কিনতে গিয়ে নাভিশ্বাস উঠছে আমজনতার। তার ওপর আছে চড়া কীটনাশকের ভয়। সমাধান? আপনার বাড়ির ছাদ, বারান্দা বা এক চিলতে জমি। এই ৫টি সবজি চাষ করলে বাজার যাওয়া যেমন কমবে, তেমনই পাতে উঠবে এক্কেবারে টাটকা ও বিষমুক্ত সবজি।

গরমের সেরা ৫ ‘সুপার’ সবজি:
১. ঢেঁড়স (গরমের রাজা): ৪৫ দিনেই ফলন শুরু। ৩৫ ডিগ্রির ওপর তাপমাত্রায় এটি সবথেকে ভালো বাড়ে। ১২ ইঞ্চি টবে ৫০% গোবর সার ও দোআঁশ মাটি মিশিয়ে চাষ করুন। রোজ জল দিলেই কেল্লাফতে।
২. ঝিঙে (মাচার ম্যাজিক): ১৪ ইঞ্চি টবে মাটি, গোবর ও বালি মিশিয়ে একটি গাছ লাগান। মাচা করে দিলে ৫০-৫৫ দিনেই ২০-২৫টি ঝিঙে মিলবে।
৩. লাউ (গোটা পরিবারের লাঞ্চ): বড় ড্রাম বা সিমেন্টের বস্তায় লাউ লাগান। সকালে ‘হ্যান্ড পলিনেশন’ বা কৃত্রিম পরাগায়ন করলে ফলের সংখ্যা বাড়বে। ৬০ দিনেই মিলবে প্রথম লাউ।
৪. করলা (রোগহীন চাষ): তেতো স্বাদের জন্য এতে পোকামাকড় ধরে না বললেই চলে। বীজের খোসা হালকা ফাটিয়ে ভিজিয়ে পুঁতলে ৫০ দিনেই ফলন শুরু হবে।
৫. পুঁইশাক (একবার লাগালে বারবার ফলন): ডাঁটা বা বীজ থেকে সহজেই হয়। যত ডগা কাটবেন, তত নতুন ডগা গজাবে। পুরো সেপ্টেম্বর মাস পর্যন্ত টানা শাক পাবেন।

চাষিদের ৩টি গোল্ডেন টিপস:
জল দেওয়ার সময়: দুপুরে কড়া রোদে জল দেবেন না। হয় ভোরে, নয়তো বিকেলের দিকে জল দিন।

জৈব সারের জোর: রাসায়নিক ভুলে যান। ১৫ দিন অন্তর সর্ষের খোল পচা জল বা সবজির খোসা ভেজানো জল দিন।

রোদের গুরুত্ব: এই প্রতিটি সবজির দিনে কমপক্ষে ৬-৮ ঘণ্টা কড়া রোদ প্রয়োজন। ছায়া থাকলে ফলন কমে যাবে।

এই গরমে ৫০০ টাকার বীজ আর টব নিয়ে শুরু করুন আপনার ছাদবাগান। শরীর ও পকেট— দুই-ই থাকবে সুস্থ!