মুম্বই ও দিল্লিতে পরমাণু হামলার হুমকি! পাকিস্তান থেকে আসা এক ফোন কলেই তোলপাড় বাণিজ্যনগরী

সাতসকালে বড়সড় জঙ্গি হামলার হুমকির মুখে বাণিজ্যনগরী মুম্বই। মঙ্গলবার ভোররাতে মুম্বই রেলপুলিশের কন্ট্রোল রুমে একটি উড়ো ফোন আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি শহরের সমস্ত গুরুত্বপূর্ণ রেলস্টেশনে জারি করা হয়েছে ‘হাই অ্যালার্ট’।

৫ কোটি টাকা দাবি ও হামলার ছক!
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোররাত ৩টে নাগাদ রেলপুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি কল আসে। ফোনকারী নিজের নাম ‘ইরফান’ বলে পরিচয় দেয়। সে হুমকি দেয় যে, মুম্বইয়ের রেলস্টেশন এবং একটি গুরুত্বপূর্ণ অফিসে বড়সড় হামলা চালানো হবে। সাধারণ মানুষের প্রাণ বাঁচাতে ওই ব্যক্তি রেলপুলিশের কাছে ৫ কোটি টাকা দাবি করে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, যে নম্বর থেকে ফোনটি এসেছিল সেটি একটি পাকিস্তানি নম্বর।

টার্গেটে রিলায়েন্স কর্পোরেট পার্কও
উল্লেখ্য, গত ২০ এপ্রিল এটিএস (ATS)-এর নভি মুম্বই ইউনিটেও একটি উড়ো ইমেল এসেছিল। সেখানে দাবি করা হয়, রিলায়েন্স কর্পোরেট পার্ক এবং জামনগর সংশোধনাগারে বিস্ফোরক রাখা রয়েছে। আধ ঘণ্টার মধ্যে বিস্ফোরণ ঘটবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। একের পর এক এই হুমকিবার্তা আসায় মুম্বই পুলিশের নিরাপত্তা ব্যবস্থা এখন নিশ্ছিদ্র করা হয়েছে।

পাকিস্তানের প্রাক্তন হাই কমিশনারের ভয়ংকর হুঙ্কার
ভারতের ওপর হামলার এই আবহ তৈরি হয়েছে পাকিস্তানের প্রাক্তন হাই কমিশনার আব্দুল বাসিতের সাম্প্রতিক এক মন্তব্যের পর। পশ্চিম এশিয়ায় ইরান-ইজরায়েল সংঘাতের প্রসঙ্গ টেনে বাসিত হুমকি দেন যে, আমেরিকা বা ইজরায়েল যদি পাকিস্তানের পরমাণু অস্ত্রভাণ্ডার ধ্বংস করার চেষ্টা করে, তবে পাকিস্তান ভারতকে ছেড়ে কথা বলবে না।

বাসিতের কথায়, “আমেরিকা যদি পাকিস্তানে হামলা চালায়, তবে আমাদের এক সেকেন্ড সময় নষ্ট না করে দিল্লি ও মুম্বইয়ে আক্রমণ করতে হবে। ভারতকে এটা জেনে রাখতে হবে।”

নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে শহর
পরপর হুমকি ফোনের জেরে মুম্বইয়ের রেলওয়ে স্টেশন, বিমানবন্দর এবং জনবহুল এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে। পাকিস্তান থেকে আসা এই কলটির আসল উৎস কী, তা জানতে সাইবার সেল এবং গোয়েন্দা বিভাগ যৌথভাবে তদন্ত শুরু করেছে। বাণিজ্যনগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে কমান্ডো ও পুলিশের কড়া পাহারা বসানো হয়েছে।