“খেলা তোমরা শুরু করেছ, শেষ করব আমরা!” ইউপি-র ‘সিংঘম’ অজয় পালকে সরাসরি চ্যালেঞ্জ তৃণমূলের জাহাঙ্গিরের

ভোটের ঠিক মুখেই দক্ষিণ ২৪ পরগনার রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। উত্তরপ্রদেশের ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ হিসেবে পরিচিত আইপিএস অজয় পাল শর্মার শাসানিকে এবার সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন ফলতার তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খান। কড়া ভাষায় তিনি জানিয়ে দিলেন, কোনো হুমকিতেই তিনি ভয় পান না এবং “খেলা” কীভাবে শেষ করতে হয়, তা তাঁর জানা আছে।
“পিকচার আভি বাকি হ্যায় বন্ধু”
সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (যার সত্যতা যাচাই করা হয়নি), যেখানে দেখা যাচ্ছে আইপিএস অজয় পাল শর্মা জাহাঙ্গির খানকে হুঁশিয়ারি দিচ্ছেন যেন এলাকায় কোনো অশান্তি না হয়। এর পাল্টা প্রতিক্রিয়ায় জাহাঙ্গির খান বলেন,
“এরা অনেক খেলা দেখাচ্ছে। খেলা তোমরাই শুরু করেছ, শেষ আমরা করব। পিকচার এখনও বাকি আছে বন্ধু। তোমরা ভাবছ কিছু সিআরপিএফ (CRPF) জওয়ান নিয়ে দাপট দেখাবে? কিন্তু এখানকার মানুষ যদি রাস্তায় নামে, তাহলে তোমরা হাওয়ায় উড়ে যাবে।”
কেন্দ্রীয় বাহিনীকে ‘অসুর’ ও ‘দালাল’ তকমা
জাহাঙ্গির খান এদিন শুধু আইপিএস অজয় পালকেই বিঁধলেন না, আক্রমণ শানালেন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও। জওয়ানদের ‘বিজেপির দালাল’ বলে উল্লেখ করে তিনি বলেন, “এখানে এসে জনসমুদ্র দেখে যাও। এখানে প্রত্যেকেই আমার মা দুর্গার মতো। দুর্গারূপে যেমন অসুর বধ হয়, তেমনই বিজেপির দালালদের কীভাবে ‘টাইট’ করতে হয়, তা এখানকার মানুষ ভালো করেই জানে।”
অজয় পাল শর্মার সেই ভাইরাল ‘হুঁশিয়ারি’
প্রসঙ্গ উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়, ক্যানিং, মিনাখাঁ বা বাসন্তীর মতো স্পর্শকাতর এলাকায় শান্তি বজায় রাখতে নির্বাচন কমিশন বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে অজয় পাল শর্মাকে। ভাইরাল হওয়া ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়,
“কান খুলে শুনে রাখুন, বদমায়েশি করলে আর ছাড়া হবে না। খুব ভালো দাওয়াই দেওয়া হবে। খবর পাচ্ছি জাহাঙ্গিরের লোকেরা ধমকাচ্ছেন। এটা বারণ করে দিন। নইলে পরে কান্নাকাটি বা পস্তানো চলবে না।”
ভোটের আগের দিন প্রার্থীর এই পাল্টা চ্যালেঞ্জের পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে প্রশাসন। কমিশন এই মন্তব্যের ওপর কোনো বিশেষ পদক্ষেপ নেয় কি না, এখন সেটাই দেখার।