পাঞ্জাবে আপ সরকার পতনের ঘণ্টা? ২৮ বিধায়ক দল ছাড়ার হিড়িক, তোলপাড় করা দাবি জয়হিন্দের

আম আদমি পার্টি (AAP) ছেড়ে পদ্ম শিবিরে নাম লেখাতেই উত্তাল পাঞ্জাব। প্রাক্তন তারকা ক্রিকেটার তথা সাংসদ হরভজন সিংয়ের দলবদলকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল জলন্ধর। বিক্ষোভ, বাড়ির দেওয়ালে কালি লেপন এবং শেষমেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের হস্তক্ষেপ— সব মিলিয়ে ভাজ্জিকে ঘিরে এখন সরগরম উত্তর ভারতের রাজনীতি।

বাড়ির দেওয়ালে ‘গদ্দার’ তকমা!

শনিবার জলন্ধরে হরভজন সিংয়ের বাসভবনের সামনে প্রবল বিক্ষোভ দেখান আম আদমি পার্টির কর্মী-সমর্থকরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, উত্তেজিত জনতা হরভজনের বাড়ির দেওয়ালে কালো কালিতে ‘গদ্দার’ লিখে দেয়। দলত্যাগের ক্ষোভ যে এভাবে আছড়ে পড়বে, তা হয়তো আন্দাজ করতে পারেনি পুলিশও।

পাঞ্জাব পুলিশের বদলে এবার CRPF

ঘটনার গুরুত্ব বিচার করে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সূত্রের খবর, হরভজনের নিরাপত্তার দায়িত্ব থেকে পাঞ্জাব পুলিশকে সরিয়ে সেখানে CRPF জওয়ান মোতায়েন করা হচ্ছে। দিল্লি এবং পাঞ্জাব— উভয় জায়গাতেই এখন থেকে কেন্দ্রীয় নিরাপত্তা বেষ্টনীতে থাকবেন এই প্রাক্তন স্পিনার। বিজেপি যোগের পরেই পাঞ্জাব সরকার তাঁর নিরাপত্তা কমিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল, কেন্দ্রের এই পদক্ষেপে তা ভেস্তে গেল।

বিস্ফোরক নবীন জয়হিন্দ: সরকার কি সংকটে?

হরভজনের দলবদল কেবল শুরু মাত্র! হরিয়ানার প্রাক্তন আপ রাজ্যসভাপতি নবীন জয়হিন্দ এক চাঞ্চল্যকর দাবি করেছেন। তাঁর মতে, পাঞ্জাবে আপ সরকার এখন খাদের কিনারায়। জয়হিন্দের দাবি:

  • ২৮ জন বিধায়ক দল ছাড়ার জন্য তৈরি হয়ে আছেন।

  • যারা দল ছেড়েছেন, তাঁদের সঙ্গে দলের ভেতরে চূড়ান্ত দুর্ব্যবহার এবং মারধর করা হয়েছে।

  • রাঘব চাড্ডা ও হরভজন সিংয়ের পর এই গণ-দলবদল পঞ্জাবের রাজনীতিতে বড় পরিবর্তন আনবে।

চাপের মুখে আম আদমি পার্টি

রাঘব চাড্ডা ও হরভজন সিংয়ের মতো ‘স্টার’ মুখেরা একসঙ্গে বিজেপিতে যাওয়ায় পঞ্জাবে আপ-এর ভিত নড়ে উঠেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একদিকে সাংসদ পদ খারিজের আইনি লড়াই, অন্যদিকে ঘরের ভেতরে বিধায়কদের বিদ্রোহ— দুই ফ্রন্টে এখন লড়াই করতে হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের দলকে।

ভাজ্জির বাড়ির সামনের বিক্ষোভ কি কেবল ট্রেলার? পঞ্জাব রাজনীতিতে বড় কোনো ক্লাইম্যাক্স আসতে চলেছে কি না, তা নিয়ে এখন তুঙ্গে জল্পনা।