বিদায় নিচ্ছেন বলিউডের ‘কমেডি কিং’! বরুণের হাত ধরেই কি ইতি টানছেন ডেভিড ধাওয়ান?

নব্বইয়ের দশকে গোবিন্দাকে নিয়ে বক্স অফিসে হাসির তুফান তোলা হোক বা হালের বরুণ ধাওয়ান— বলিউডে কমেডি ছবির সংজ্ঞাটাই বদলে দিয়েছিলেন তিনি। কিন্তু এবার বোধহয় যবনিকা পতনের সময় এল। স্বাস্থ্যের দোহাই দিয়ে দীর্ঘ কয়েক দশকের কেরিয়ারে ইতি টানার ইঙ্গিত দিলেন খোদ ‘কমেডি কিং’ ডেভিড ধাওয়ান।
“এটাই কি শেষ?” আবেগপ্রবণ ডেভিড
আসন্ন ছবি ‘হ্যাঁ জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ নিয়ে এখন ব্যস্ত ধাওয়ান পরিবার। কিন্তু এরই মাঝে পরিচালক ডেভিড ধাওয়ানের একটি মন্তব্য বি-টাউনে শোরগোল ফেলে দিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “স্বাস্থ্যের যা অবস্থা, তাতে আমি আর কাজ চালিয়ে যেতে চাই না। মনে হয় এটাই আমার শেষ ছবি হতে চলেছে। এরপর আমি শুধুই বরুণের বাবা হয়ে থাকতে চাই।”
শুটিংয়ের ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করে তিনি জানান, কাজ চলাকালীন চতুর্থ দিনেই তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। সেই কঠিন সময়ে ছায়ার মতো পাশে ছিলেন ছেলে বরুণ। বাবার দেখভালের পাশাপাশি পেশাদারিত্ব বজায় রেখে শুটিংও সামলেছেন জুনিয়র ধাওয়ান।
পিছিয়ে গেল ছবির মুক্তি
ডেভিডের অবসরের খবরের মাঝেই এল ছবির নতুন আপডেট। ৫ জুনের পরিবর্তে ছবিটি এখন মুক্তি পাবে ১২ জুন। মূলত যশ অভিনীত ‘টক্সিক’ ছবির তারিখ পরিবর্তনের জেরেই এই সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক রমেশ তৌরানি। তবে ১২ জুন বক্স অফিসে কড়া টক্কর হতে চলেছে, কারণ ওই একই দিনে মুক্তি পাচ্ছে ইমতিয়াজ আলির ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’।
ছেলের প্রশংসায় পঞ্চমুখ বাবা
বরুণের সঙ্গে কাজ করা প্রসঙ্গে ডেভিড জানান, বরুণ শুধু তাঁর ছেলে বলেই সুযোগ পায় না, বরং অভিনেতা হিসেবে সে যথেষ্ট পরিণত। ডেভিডের কথায়, “পরিচালক হিসেবে আমি সব সময় ভালো অভিনেতাই খুঁজি। বরুণের সঙ্গে আমার টিউনিং দারুণ। ও আমায় প্রশ্ন করে, নিজের অধিকার জাহির করে।”
এখন প্রশ্ন একটাই— ‘বিবি নম্বর ১’, ‘পার্টনার’ বা ‘মুঝসে শাদি করোগি’-র মতো ব্লকব্লাস্টার উপহার দেওয়া এই জাদুকর কি শেষ ছবিতেও ম্যাজিক দেখাতে পারবেন? উত্তর মিলবে আগামী ১২ জুন।