ভোট দিলেই পা ভেঙে দেওয়ার হুমকি! ভাইরাল লাভপুরের তৃণমূল নেতা ডালিম শেখের ভিডিও, সরগরম রাজ্য রাজনীতি

প্রথম দফার ভোটের ঠিক দু’দিন আগে বীরভূমের লাভপুরে শাসকদলের নেতার এক চরম হুঁশিয়ারি ঘিরে তোলপাড় শুরু হয়েছে। ভাইরাল হওয়া এক ভিডিওতে (সত্যতা যাচাই করেনি আমরা) দেখা যাচ্ছে, গ্রামের মানুষকে রীতিমতো শাসাচ্ছেন স্থানীয় তৃণমূল নেতা ডালিম শেখ। তাঁর দাবি, যদি এলাকায় বিরোধী দলের ভোট পড়ে, তবে ভোটারদের ‘কেটে পিস পিস’ করে দেওয়া হবে। এই ঘটনায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।
কী দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওতে?
লাভপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দাঁড়কা অঞ্চলের সাউগ্রামে একটি দলীয় বৈঠক চলাকালীন এই বিতর্কিত মন্তব্য করেন তৃণমূল নেতা ডালিম শেখ। ভিডিওতে তাঁকে বলতে শোনা যাচ্ছে:
-
“কেটে পিস পিস করে দেব:” যদি এলাকায় অন্য কোনও দলের পক্ষে ৫০টি ভোটও পড়ে, তবে তার পরিণতি ভয়াবহ হবে।
-
“পা ভেঙে দেব:” ভোটারদের পা ভেঙে দেওয়া এবং তাঁদের গ্রামছাড়া করার সরাসরি হুমকি দিতে শোনা যায় তাঁকে।
-
গৃহবন্দি করার ছক: ডালিম শেখের হুঙ্কার, ‘ভোট গণনা পর্যন্ত বেঁধে রেখে দেব। চুপচাপ থাক।’
বিজেপির তীব্র ক্ষোভ ও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ
এই ভিডিও প্রকাশ্যে আসতেই সরব হয়েছেন লাভপুরের বিজেপি প্রার্থী দেবাশিস ওঝা। তিনি বলেন, “তৃণমূল নেতার এই তাণ্ডবের কথা পুলিশকে জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পুলিশ কার্যত তৃণমূলের দলদাস হিসেবে কাজ করছে। এভাবে অবাধ নির্বাচন সম্ভব নয়।”
কোচবিহারে পুলিশের তৎপরতা: গ্রেফতার তৃণমূল নেতা
বীরভূমে যখন উত্তাপ বাড়ছে, ঠিক তখনই কোচবিহারের মেখলিগঞ্জে কড়া পদক্ষেপ নিয়েছে পুলিশ। অশান্তি ছড়ানোর আশঙ্কায় গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা ঝুমুর আলি ফকিরকে। পুলিশের দাবি:
-
ধৃত নেতার বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা ছিল।
-
সুষ্ঠু ও অবাধ ভোট নিশ্চিত করতেই এই আগাম পদক্ষেপ।
-
মেখলিগঞ্জের আরও অন্তত ২০০ জন নেতার ওপর বর্তমানে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ।