কেকেআরের সবচেয়ে দামি বোলারকে পাড়ার স্তরে নামালেন আয়ুষ! ধোনির তুরুপের তাসের ব্যাটিংয়ে ছারখার নাইট শিবির।

আইপিএল ২০২৬-এর মঞ্চে এখন একটাই নাম—আয়ুষ মাত্রে। চেন্নাই সুপার কিংসের এই ১৭ বছর বয়সী তরুণ তুর্কি ব্যাট হাতে যে তান্ডব শুরু করেছেন, তাতে খড়কুটোর মতো উড়ে যাচ্ছেন বিশ্বের বাঘা বাঘা বোলাররা। সম্প্রতি কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিপক্ষে ম্যাচে মাত্রে যা করলেন, তা দেখে ক্রিকেট বিশ্ব স্তব্ধ। আইপিএল ইতিহাসের অন্যতম দামি বিদেশি খেলোয়াড় ক্যামেরন গ্রিনকে স্রেফ পাড়ার বোলারে পরিণত করলেন এই ডানহাতি ব্যাটার।
ম্যাচের শুরুতেই অধিনায়ক রুতুরাজ গায়কওয়াড়কে হারিয়ে যখন সিএসকে চাপে, তখনই ক্রিজে এসে পাল্টা আক্রমণ শুরু করেন আয়ুষ। চতুর্থ ওভারে বল করতে আসেন কেকেআরের ২৫.২০ কোটির বাজি ক্যামেরন গ্রিন। মাত্রে দ্বিতীয় বলেই চার মেরে নিজের মেজাজ বুঝিয়ে দেন। গ্রিন ভেবেছিলেন গতির ফেরে ১৭ বছরের কিশোরকে চাপে ফেলবেন, কিন্তু মাত্রের পরিকল্পনা ছিল সম্পূর্ণ উল্টো। ওভারের চতুর্থ বলে চার এবং শেষ দুটি বলে পরপর দুটি বিশাল ছক্কা মেরে গ্রিনের আত্মবিশ্বাস চুরমার করে দেন তিনি। গ্রিনের মতো দামী বোলারকে এভাবে মাঠের বাইরে পাঠানো ছিল রীতিমতো অবিশ্বাস্য দৃশ্য।
তান্ডব এখানেই থামেনি। বৈভব অরোরার পাওয়ার প্লে-র শেষ ওভারেও আগ্নেয়গিরির মতো ফেটে পড়েন মাত্রে। প্রথম তিন বলে চারের হ্যাটট্রিক করে গ্যালারিতে উন্মাদনা ছড়িয়ে দেন তিনি। যদিও সেই ওভারেই তিনি আউট হয়ে যান, কিন্তু তার আগে ১৭ বলে ৩৮ রানের এক ঝোড়ো ইনিংস উপহার দেন তিনি (২টি ছক্কা ও ৬টি চার)। চলতি মরসুমে মাত্রের পরিসংখ্যান দেখলে চমকে যেতে হয়—৫ ম্যাচে ১৭১ রান, গড় ৩৪-এর উপরে এবং স্ট্রাইক রেট ১৭০-এর ঘর ছাড়িয়েছে। ইতিমধ্যেই ১১টি ছক্কা ও ১৫টি চার হাঁকিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন যে, আগামীর মহাতারকা হওয়ার সব রসদ তার মধ্যে মজুত রয়েছে।