আম্বেদকর মূর্তিতে তালা! রিষড়ায় ঢুকতে বাধা পেয়ে ক্ষোভে ফুঁসছেন বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্য

সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের জন্মজয়ন্তীতে উত্তপ্ত হয়ে উঠল রিষড়া। মূর্তিতে মাল্যদান করাকে কেন্দ্র করে চূড়ান্ত নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হলো রিষড়া মোড়পুকুর এলাকায়। অভিযোগ, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্য মাল্যদান করতে এলে কমিটির সদস্যরা গেটে তালা ঝুলিয়ে চাবি নিয়ে চম্পট দেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করে এবং হাতজোড় করে চাবি চেয়েও শেষমেশ বিফল হয়ে ফিরতে হয় বিজেপি প্রার্থীকে। জেদ বজায় রাখতে শেষপর্যন্ত বন্ধ গেটের গ্রিলেই মালা ঝুলিয়ে বিদায় নেন তিনি।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকালে। রিষড়া বাস্তুহারা বাজার থেকে প্রচার শুরু করেছিলেন বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্য। মোড়পুকুরে ব্রহ্মানন্দ মাঠের পাশে থাকা আম্বেদকর মূর্তিতে শ্রদ্ধা জানাতে যান তিনি। ওই মূর্তিটি অনগ্রসর জাতি কল্যাণ কমিটির তত্ত্বাবধানে রয়েছে। প্রার্থীর অভিযোগ, তিনি আসছেন দেখেই কমিটির সদস্যরা দ্রুত গেটে তালা লাগিয়ে দেন। ভাস্কর ভট্টাচার্য বলেন, “আমি নিজে গিয়ে তাঁদের কাছে চাবি চেয়েছিলাম, কিন্তু দেওয়া হয়নি। এই সরকার যতদিন থাকবে, আম্বেদকরজি কেন, সব মণীষীরাই এভাবে গৃহবন্দি হয়ে থাকবেন।”
অন্যদিকে, কমিটির সদস্যরা এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, তাঁরা কোনো রাজনৈতিক রঙ এই মূর্তিতে লাগাতে চান না। কমিটির এক সদস্যের বক্তব্য, “বিগত বছরগুলোতে রাজনৈতিক দলগুলো এসে এখানে পতাকা লাগিয়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে পরিবেশ নষ্ট করেছে। আমরা ওঁকে একা প্রবেশের অনুমতি দিয়েছিলাম, কিন্তু রাজনৈতিক মিছিল নিয়ে ঢুকতে দিতে রাজি নই।” এই ঘটনায় মুখ খুলেছে তৃণমূলও। রিষড়া তৃণমূল কংগ্রেসের শহর সহ-সভাপতি শুভজিৎ সরকার বিষয়টিকে ‘সস্তার রাজনীতি’ বলে কটাক্ষ করেছেন। তাঁর দাবি, এটি একটি নির্দিষ্ট কমিটির বিষয়, তৃণমূল প্রার্থী এলেও সেখানে রাজনৈতিক মিছিল নিয়ে যাওয়া হয় না। সব মিলিয়ে আম্বেদকর জয়ন্তীকে কেন্দ্র করে রিষড়ায় এখন তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর।