ভোররাতে কেঁপে উঠল কাশ্মীর! ডোডায় ৪.৬ মাত্রার ভূমিকম্পে ব্যাপক আতঙ্ক, বড় বিপর্যয়ের আশঙ্কা?

রবিবার ভোরে যখন গভীর ঘুমে আচ্ছন্ন উপত্যকা, ঠিক তখনই জোরালো কম্পনে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। রিখটার স্কেলে ৪.৬ মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ডোডা জেলা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, রবিবার ভোর ৪টে ৩২ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন বহু মানুষ।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। যার অক্ষাংশ ৩৩.০৯০ ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশ ৭৫.৯২৮ ডিগ্রি পূর্ব। অগভীর উৎস হওয়ার কারণে কম্পনের তীব্রতা বেশ ভালোই অনুভূত হয়েছে ডোডাসহ পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকায়। তবে এখনও পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি।
বিশেষজ্ঞদের মতে, ভূপৃষ্ঠের ০ থেকে ৭০ কিলোমিটার গভীরতার মধ্যে হওয়া ভূমিকম্পগুলোকে ‘অগভীর ভূমিকম্প’ বলা হয়। ডোডায় ১০ কিমি গভীরতার এই কম্পন সেই তালিকাতেই পড়ে। সাধারণত এই ধরনের অগভীর ভূমিকম্পে ক্ষয়ক্ষতির আশঙ্কা বেশি থাকে। জম্মু ও কাশ্মীর অত্যন্ত ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় বারবার এই ধরনের কম্পন প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এর আগেও গত কয়েক দিনে একাধিকবার কেঁপে উঠেছে ভূস্বর্গ, যা বড়সড় কোনো প্রাকৃতিক বিপর্যয়ের ইঙ্গিত কি না, তা নিয়ে শুরু হয়েছে বিশ্লেষণ।