“আমিই নন্দীগ্রামে রাম পুজো শুরু করেছিলাম!” শুভেন্দুর গড়ে দাঁড়িয়ে বিস্ফরক তৃণমূলের পবিত্র

২০২৬-এর বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে এবার লড়াইয়ের সুর সপ্তমে। তৃণমূল প্রার্থী পবিত্র কর এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারীকে। একদা শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত পবিত্র এখন তৃণমূলের টিকিটে রণক্ষেত্রে। গতকাল প্রচারে বেরিয়ে জুন মালিয়ার উপস্থিতিতে তিনি যে মন্তব্য করলেন, তা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। পবিত্র করের সাফ দাবি, “নন্দীগ্রামে রাম পুজো আমিই শুরু করেছিলাম।”

এদিন প্রচারের মঞ্চ থেকে ধর্মীয় মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে সরব হন পবিত্র। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, “কারও নাম শুনলেই তো তাঁর ধর্ম বোঝা যায়। সুফিয়ানদা পাশে আছেন, ওঁর নামটাই যথেষ্ট। আমাকে নতুন করে মঞ্চে দাঁড়িয়ে বলতে হয় না যে আমি হিন্দু। আমি সনাতনের সেবক, আমিই সনাতনের রক্ষাকর্তা।” তিনি আরও অভিযোগ করেন যে, শুভেন্দু অধিকারী কোনো ধর্মকে সম্মান করতে জানেন না, তিনি কেবল অশান্তির পরিবেশ তৈরি করেন।

নিজের রাজনৈতিক জীবনের এক অজানা অধ্যায় সামনে এনে পবিত্র দাবি করেন, এক সময় রাম পুজো করার অপরাধেই তাঁকে দল থেকে তিন মাস বহিষ্কার করা হয়েছিল। তিনি বলেন, “রাম পুজোর সেবক আমি আজও আছি। যারা আমাকে আজ হিন্দুত্ব শেখাতে আসছেন, তাঁদের জেনে রাখা ভালো যে এই পুজো আমিই শুরু করেছিলাম।” নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে তৃণমূল প্রার্থীর এই ‘রাম-কার্ড’ এবং ‘সনাতন রক্ষা’র ডাক আসন্ন নির্বাচনে ভোট সমীকরণে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।