টেলিপাড়ায় বড় ধামাকা! শুভেন্দুর হাত ধরে বিজেপিতে জনপ্রিয় অভিনেত্রী, ভোটের মুখে চরম অস্বস্তিতে তৃণমূল?

২০২৬ বিধানসভা নির্বাচনের ঠিক মুখে বড়সড় ভাঙন শাসক শিবিরে। টলিউড থেকে রাজনৈতিক অন্দর— সব মিলিয়ে গেরুয়া শিবিরে এখন উৎসবের মেজাজ। শুক্রবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মাফিন চক্রবর্তী এবং মঙ্গলকোটের দাপুটে প্রাক্তন তৃণমূল নেতা বিকাশ নারায়ণ চৌধুরী।
টেলিপাড়ায় থাবা বিজেপির: ‘ভানুমতীর খেল’, ‘কিরণমালা’ বা ‘তুমি এলে তাই’-এর মতো ২০টিরও বেশি সুপারহিট ধারাবাহিকের পরিচিত মুখ মাফিন চক্রবর্তী। তাঁর এই দলবদল টলিউডের অন্দরে তৃণমূলের একচেটিয়া আধিপত্যে বড়সড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল। গেরুয়া পতাকা হাতে নিয়ে মাফিন সাফ জানান, “রাজ্যের বর্তমান অপশাসন দূর করতেই আমি বিজেপিতে যোগ দিয়েছি এবং উন্নয়নের লক্ষ্যে প্রচার চালাব।”
তৃণমূলের ‘পুরনো চাল’ এখন বিজেপিতে: শুধু গ্ল্যামার নয়, সংগঠনের শক্তি বাড়াতেও বড় চাল দিয়েছে বিজেপি। ২০০৯ সালে মঙ্গলকোটে সিপিএম-তৃণমূল সংঘর্ষের সময় বিরোধী শিবিরের সামনের সারিতে ছিলেন বর্ষীয়ান নেতা বিকাশ নারায়ণ চৌধুরী। সেই সময় জেলও খেটেছিলেন তিনি। জেলা পরিষদে একাধিকবার জয়ী হওয়া এই প্রবীণ নেতা এখন ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে। তাঁর দাবি, বর্তমান তৃণমূলের নীতি ও অত্যাচারের প্রতিবাদ জানাতেই তিনি দলবদল করলেন।
এক নজরে বিজেপির সেলেব ব্রিগেড: ২০২১-এর হার থেকে শিক্ষা নিয়ে এবারও টলিউডের একঝাঁক তারকাকে ময়দানে নামিয়েছে বিজেপি:
-
হিরণ চট্টোপাধ্যায়: হাওড়ার শ্যামপুর।
-
রুদ্রনীল ঘোষ: শিবপুর।
-
পাপিয়া অধিকারী: টালিগঞ্জ (অরূপ বিশ্বাসের বিরুদ্ধে)।
-
রূপা গঙ্গোপাধ্যায়: সোনারপুর দক্ষিণ।
-
শর্বরী মুখার্জি: যাদবপুর।
গত নির্বাচনে একমাত্র হিরণ জিতলেও এবার অভিজ্ঞ প্রার্থীদের ওপর ভরসা রাখছে বিজেপি। মাফিনের মতো চেনা মুখের যোগদান সেই প্রচারকে আরও কতটা অক্সিজেন দেয়, সেটাই এখন দেখার।