“এত কিপ্টে লক্ষ্মী মা কোথাও দেখিনি!” ১৫০০ টাকার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মমতাকে নজিরবিহীন কটাক্ষ হিমন্তের

বঙ্গভোটের পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই পশ্চিম মেদিনীপুরের প্রচারসভা থেকে রাজ্য সরকারের সবথেকে জনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’ নিয়ে চরম বিদ্রূপ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করতে গিয়ে তিনি দাবি করেন, মাত্র ১৫০০ টাকা দিয়ে বাংলার মহিলাদের আটকে রাখা হয়েছে।

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিস্ফোরক হিমন্ত: এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কোনো কাজ নেই। লক্ষ্মী মাকে কিপটে বানিয়ে দিয়েছে ১৫০০ টাকা দিয়েই। আমি সারা ভারতে কোথাও দেখিনি এত কিপ্টে লক্ষ্মী মা।” তাঁর দাবি, রাজ্যে চাকরি নেই, নতুন শিল্প নেই, শুধু ঘুরিয়ে ফিরিয়ে ওই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়েই প্রচার চালাচ্ছে শাসকদল।

অনুপ্রবেশ ও ভোটার তালিকা নিয়ে প্রশ্ন: ভোটার তালিকা সংশোধন (SIR) প্রসঙ্গে হিমন্ত স্পষ্ট জানান, ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তি এবং যাদের দু-জায়গায় নাম আছে, তাদের নাম বাদ দেওয়া উচিত। এর পরেই সরাসরি অনুপ্রবেশ ইস্যু টেনে তিনি বলেন, “বাংলাদেশ থেকে যারা এসেছে, তারা কেন ভোট দেবে? এই প্রক্রিয়ায় সবার সহযোগিতা করা উচিত।”

২০০ আসন ও গুণ্ডাদের হুঁশিয়ারি: নন্দীগ্রামে বিজেপি কর্মীদের ওপর হামলার প্রসঙ্গেও এদিন কড়া মেজাজে ধরা দেন হিমন্ত। তাঁর দাবি:

  • ভবিষ্যদ্বাণী: বাংলায় এবার বিজেপি সরকার আসা নিশ্চিত এবং দল ২০০-র বেশি আসন পাবে।

  • হুঁশিয়ারি: যারা এখন গুণ্ডামি করছে, ৪ জুন ফল প্রকাশের রাতে তারা কোথায় যাবে? এখনই তাদের সমর্পণ করা উচিত।

  • শান্তিপূর্ণ ভোট: কেন্দ্রীয় সরকার এবার ১০০ শতাংশ শান্তিপূর্ণভাবে নির্বাচন করিয়ে নেবে বলে আশ্বস্ত করেন তিনি।

আইপ্যাক-কে গুরুত্বহীন ঘোষণা: তৃণমূলের ভোট কৌশলী সংস্থা আইপ্যাক (I-PAC) প্রসঙ্গে প্রশ্ন করা হলে হিমন্ত এককথায় তা উড়িয়ে দিয়ে বলেন, ওটার কোনো ‘ভ্যালু’ বা গুরুত্ব নেই।

সব মিলিয়ে, নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডার থেকে অনুপ্রবেশ ইস্যু— সব অস্ত্রেই শাসকদলকে বিদ্ধ করলেন অসমের মুখ্যমন্ত্রী।