বাংলায় এবার হবে ‘রোজগার মেলা’! হলদিয়ার মঞ্চ থেকে বেকার যুবক-যুবতীদের বড় প্রতিশ্রুতি দিলেন নরেন্দ্র মোদী

রাজ্যের শিল্পশহর হিসেবে পরিচিত হলদিয়ার মাটিতে দাঁড়িয়ে বৃহস্পতিবার শাসকদল তৃণমূল কংগ্রেসকে তুলোধোনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে ক্রমবর্ধমান বেকারত্ব এবং রুগ্ন শিল্পের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ‘নির্মম সরকার’ বলে কটাক্ষ করেন তিনি। প্রধানমন্ত্রীর সাফ অভিযোগ, “গোটা দেশ যখন উন্নয়নের এক্সপ্রেসওয়েতে দৌড়াচ্ছে, তখন এই সরকার বাংলাকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।”

হলদিয়ার রুগ্ন শিল্প ও বন্ধ কারখানার ছবি:
এদিন হলদিয়ার জনসভা থেকে স্থানীয় শিল্প সংকটের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “একসময়ের গর্বের এই শিল্পশহরে আজ একের পর এক কারখানায় তালা ঝুলছে। শিল্প-বাণিজ্য লাটে উঠেছে।” মোদীর দাবি, সঠিক পরিকল্পনার অভাব এবং সিন্ডিকেট রাজের কারণেই বাংলার শিল্প আজ ধুঁকছে। তিনি আরও বলেন যে, যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলোতে শিল্পের জোয়ার এসেছে, সেখানে বাংলায় শুধু শ্মশানের স্তব্ধতা।

বেকারদের জন্য ‘মোদী গ্যারান্টি’:
রাজ্যের যুবক-যুবতীদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী এদিন ‘এনডিএ (NDA) মডেল’-এর কথা তুলে ধরেন। তিনি প্রতিশ্রুতি দেন, বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় এলে কেন্দ্রীয় সরকারের ধাঁচে নিয়মিত ‘রোজগার মেলা’র আয়োজন করা হবে। প্রধানমন্ত্রীর আশ্বাস, “বিজেপি ক্ষমতায় এলে আর চাকরির পরীক্ষায় দুর্নীতি হবে না। সঠিক সময়ে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।” শিল্পায়ন ফেরানো এবং কর্মসংস্থান নিশ্চিত করাকেই তাঁর সরকার পাখির চোখ করবে বলে জানান তিনি। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মোদীর এই ‘চাকরির গ্যারান্টি’ বাংলার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।