আইটি সেক্টরে কান্নার রোল! ডেল থেকে ছাঁটাই হলেন হাজার হাজার কর্মী, আপনার চাকরি কি সুরক্ষিত?

তথ্যপ্রযুক্তি দুনিয়ায় কর্মী ছাঁটাইয়ের (Layoff) কালো মেঘ যেন কাটতেই চাইছে না। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)-এর ক্রমবর্ধমান দাপট এবং বিশ্বজুড়ে চলা অর্থনৈতিক অস্থিরতার মাঝে এবার বড়সড় পদক্ষেপ নিল টেক জায়ান্ট ‘ডেইল টেকনোলজিস’ (Dell Technologies)। সংস্থার খরচ কমাতে এবং লভ্যাংশ ঠিক রাখতে বিগত এক বছরে প্রায় ১০ শতাংশ কর্মী ছাঁটাই করেছে এই সংস্থা। সম্প্রতি প্রকাশিত ডেলের বার্ষিক ফাইলিং রিপোর্টে এই ভয়াবহ তথ্য সামনে এসেছে।

এক বছরে ১১ হাজার মানুষের রুজি-রুটি শেষ:
রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত ডেলের মোট কর্মী সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ হাজারে। অথচ গত বছরের ঠিক এই সময়েই ডেলের অন্দরে কাজ করতেন প্রায় ১ লক্ষ ৮ হাজার কর্মী। অর্থাৎ, মাত্র ১২ মাসের ব্যবধানে প্রায় ১১ হাজার কর্মীকে কাজ থেকে অব্যাহতি দিয়েছে সংস্থাটি। ডেল কর্তৃপক্ষের দাবি, সংস্থার সামগ্রিক ব্যবসায়িক কাঠামোকে আরও আধুনিক ও শক্তিশালী করতেই এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেভারেন্স পে-তেও কাঁচি:
শুধু যে কাজ হারিয়েছেন কর্মীরা তাই নয়, ডেল তাদের ‘সেভারেন্স পে’ বা ছাঁটাই হওয়া কর্মীদের দেওয়া আর্থিক প্যাকেজেও বড়সড় কোপ বসিয়েছে। যেখানে আগে সেভারেন্স পে-র জন্য ৬৯৩ মিলিয়ন ডলার বরাদ্দ ছিল, ২০২৬ অর্থবর্ষের শুরুতে সেই বরাদ্দ কমিয়ে ৫৬৯ মিলিয়ন ডলার করা হয়েছে। এর ফলে ছাঁটাই হওয়া কর্মীরা আগের তুলনায় অনেক কম টাকা পকেটে নিয়ে বাড়ি ফিরছেন। প্রযুক্তিবিদদের মতে, এআই-এর ব্যবহার বাড়ার ফলে আগামী দিনে আইটি সেক্টরে এই ধরনের আরও বড় মাপের ছাঁটাইয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।