“কে রাকেশ সিং? চিনি না তো!” জেলের তালা খুলে বন্দরে প্রার্থী হতেই বিজেপি নেতাকে তীব্র তাচ্ছিল্য ফিরহাদের

কলকাতা বন্দর—তৃণমূলের দাপুটে নেতা ফিরহাদ হাকিমের অভেদ্য দুর্গ। আর সেই দুর্গেই এবার পদ্ম শিবিরের বাজি সদ্য জেলমুক্ত নেতা রাকেশ সিং। বুধবার বিজেপির ষষ্ঠ প্রার্থী তালিকা প্রকাশ হতেই জল্পনার অবসান ঘটে। কলকাতা হাই কোর্ট থেকে জামিন পাওয়ার ঠিক পরেই রাকেশ সিংকে এই হাই-প্রোফাইল কেন্দ্রে প্রার্থী করে বিজেপি এক বড় চমক দিয়েছে। তবে প্রতিদ্বন্দ্বী হিসেবে রাকেশের নাম শুনেই তাঁকে রীতিমতো তুড়ি মেরে ওড়ালেন ফিরহাদ হাকিম।

বৃহস্পতিবার রাকেশ সিং প্রসঙ্গে প্রশ্ন করা হলে সংবাদমাধ্যমের সামনে তাচ্ছিল্যের সুরে ফিরহাদ বলেন, “কে রাকেশ সিং? রাকেশ সিংটা কে!! পোর্টের মানুষকে আমি চিনি, প্রার্থীদের অতটা চিনি না।” এখানেই থামেননি তিনি, বিদ্রূপ করে আরও যোগ করেন, “বোধহয় আগের কোনো নির্বাচনে অন্য দল থেকে দাঁড়িয়েছিলেন, শুনেছিলাম জমানত বাজেয়াপ্ত হয়েছিল। ইনি সেই রাকেশ সিং কি না জানি না। আমার লড়াই মানুষের আশীর্বাদ নিয়ে, সেবা করা নিয়ে।”

উল্লেখ্য, মৌলালিতে কংগ্রেস দফতরে ভাঙচুর এবং রাহুল গান্ধীর পোস্টারে কালি লেপনকাণ্ডে নাম জড়িয়েছিল রাকেশ সিংয়ের। এরপর থেকেই তিনি বেপাত্তা ছিলেন। গত বছরের সেপ্টেম্বর মাসে অস্ত্র আইনসহ একাধিক ধারায় ট্যাংরা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘ টালবাহানার পর গত ৬ এপ্রিল বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করে এবং মঙ্গলবার তিনি কারামুক্ত হন। জেল থেকে বেরোনোর ২৪ ঘণ্টার মধ্যেই তাঁর হাতে টিকিট তুলে দেয় বিজেপি। গত বিধানসভা নির্বাচনেও তাঁর নাম নিয়ে চর্চা ছিল, কিন্তু সেবার গারদের ওপাড়ে থাকায় লড়াই করা সম্ভব হয়নি। এবার মুক্ত রাকেশ ফিরহাদের গড় কতটা টলাতে পারেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।