মা হয়েছেন কিন্তু কনে নন! কেন ৫১-তেও পিঁড়িতে বসলেন না একতা কাপুর? ফাঁস করলেন সেই বিস্ফোরক কারণ ২. “বিয়ে করলেই ডিভোর্স

টেলিভিশন জগতের ‘কুইন’ একতা কাপুর। তাঁর হাত ধরেই ভারতীয় সিরিয়ালের ভোলবদল হয়েছে। সাফল্যের শিখরে থাকলেও ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চর্চার কেন্দ্রে থাকেন তিনি। সম্প্রতি ‘এমকে টকস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবিবাহিত থাকা এবং মাতৃত্ব নিয়ে মুখ খুলেছেন ‘বালাজি টেলিফিল্মস’-এর কর্ণধার। সারোগেসির মাধ্যমে মা হয়েছেন, কোলে রয়েছে পুত্রসন্তান রবি, কিন্তু কেন এখনও সাতপাকে বাঁধা পড়লেন না ৫১ বছর বয়সী এই প্রযোজক?
একতা স্পষ্ট জানান, বিয়ে করবেন না এমনটা তিনি কখনওই বলেননি। তবে কেন এতদিনেও তাঁর গলায় মালা উঠল না, তার নেপথ্যে রয়েছে এক অবাক করা কারণ। একতার কথায়, তাঁর ঘনিষ্ঠ বন্ধুরাই তাঁকে বিয়ে করতে বারণ করেছিলেন। বন্ধুদের দাবি ছিল, একতা তাঁর কাজ নিয়ে এতটাই মগ্ন থাকেন যে, তাঁর পক্ষে বৈবাহিক জীবন সামলানো অসম্ভব। বন্ধুরা স্পষ্টই বলে দিয়েছিলেন, “দয়া করে বিয়ে কোরো না। বালাজি টেলিফিল্মসের সঙ্গেই তোমার আসল বিয়ে হয়ে গিয়েছে। তুমি অফিস ছাড়তে পারো না, সময়মতো বাড়ি ফেরো না, সিরিয়ালের এডিটিং নিয়ে রাত জাগো—এইভাবে কোনও সংসার টিকবে না।”
সাক্ষাৎকারে একতা রসিকতা করে বলেন, তিনি গত ৩১ বছর ধরে কাজের সাথে একটি সফল সম্পর্কে আছেন এবং এখনই সেই সম্পর্কে বিচ্ছেদ চান না। তাঁর মতে, বিয়ে মানে একটি বড় প্রতিশ্রুতি। যদি সেই সময় বা নিষ্ঠা দেওয়া সম্ভব না হয়, তবে বিয়ে না করাই বুদ্ধিমানের কাজ। তিনি মনে করেন, একটি নির্দিষ্ট বয়সের পর অন্য কারও সঙ্গে মানিয়ে নেওয়া বা নিজের স্পেস ভাগ করা কঠিন হয়ে পড়ে।
ভালোবাসা প্রসঙ্গে একতার দৃষ্টিভঙ্গি বেশ কঠোর। তিনি সোজাসুজি বলেন, “আজকাল ভালোবাসা মানেই সময়ের অপচয়। মানুষ কেবল অন্যকে ব্যবহার করতে জানে।” তাঁর মতে, কাজ এবং সন্তানকে ভালোবাসা অনেক বেশি ফলদায়ক। বর্তমান প্রজন্মের প্রতি তাঁর পরামর্শ—কাজকে ভালোবাসুন, সন্তানকে সময় দিন, আর যদি একান্তই বিয়ে করেন, তবে সঙ্গীকে দেওয়ার মতো পর্যাপ্ত সময় হাতে নিয়ে তবেই সেই পথে হাঁটুন।