‘আমাকে আরও ৫ বার জেলে পাঠান!’ ৯ কোটির দেনা মেটাতে না পেরে আদালতেই কান্নায় ভেঙে পড়লেন রাজপাল যাদব

৯ কোটি টাকার দেনা এবং চেক বাউন্স মামলা নিয়ে এবার চরম আইনি সংকটের মুখে বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব। তিহার জেলে সাজা কাটার পর এবার দিল্লি হাই কোর্টে মামলার শুনানি চলাকালীন আবেগপ্রবণ হয়ে পড়লেন অভিনেতা। ২ এপ্রিল বিচারপতি স্বরনা কান্তা শর্মার এজলাসে এই মামলার শুনানি হয়, যেখানে বকেয়া মেটানোর প্রশ্নে রাজপালের বারংবার অবস্থান বদলে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে আদালত।

মামলা চলাকালীন অভিযোগকারী সংস্থা জানায়, রাজপাল ইতিপূর্বেই সাজা মেনে নিয়েছেন, তাই এখন তিনি আর্থিক দায় এড়াতে পারেন না। যদিও আদালত দুই পক্ষকে আপসের সুযোগ দিয়েছিল এবং ৬ কোটি টাকায় রফায় রাজি হয়েছিল সংস্থাটি। কিন্তু রাজপাল কান্নায় ভেঙে পড়ে জানান, তিনি ইতিপূর্বেই ৫টি ফ্ল্যাট বিক্রি করে বড় অঙ্কের টাকা দিয়েছেন এবং বর্তমানে চরম আর্থিক ক্ষতির সম্মুখীন। আবেগতাড়িত হয়ে তিনি আদালতকে বলেন, “দয়া করে আমাকে আরও পাঁচবার জেলে পাঠান।”

আদালত এই অচলাবস্থা কাটানোর জন্য ৩ কোটি টাকা পরিশোধের একটি কাঠামোগত প্রস্তাব দিলেও কোনো ঐকমত্য হয়নি। রাজপালের খামখেয়ালি আচরণে ক্ষুব্ধ বিচারপতি কড়া ভাষায় সতর্ক করে বলেন, “বিচারক আপনার প্রতি সদয় হলে তাঁকে কখনও দুর্বল ভাববেন না।” আপাতত এই মামলার রায় সংরক্ষিত রেখেছে দিল্লি হাই কোর্ট। ৯ কোটি টাকার এই ‘আইনি ঝড়’ রাজপালের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে বড় প্রশ্নচিহ্ন খাড়া করে দিল।