মিষ্টির দোকান থেকে ডক্টরেট, তারপর রাজনীতি! কে এই অশোক মিত্তল যাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল আপ?

জাতীয় রাজনীতিতে আম আদমি পার্টির (AAP) অন্দরে বড়সড় রদবদল ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। রাজ্যসভায় দলের ডেপুটি লিডার পদ থেকে সরিয়ে দেওয়া হলো অন্যতম পরিচিত মুখ রাঘব চাড্ডাকে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন পঞ্জাবের রাজ্যসভা সাংসদ তথা শিক্ষাবিদ অশোক মিত্তল। এই রদবদলকে দল ‘স্বাভাবিক পুনর্গঠন’ বললেও, রাজনৈতিক মহলে রাঘব চাড্ডার ‘দূরত্ব’ নিয়ে জল্পনা তুঙ্গে।
বিজেপি ও কংগ্রেসের দাবি, অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আবগারি নীতি মামলা ও দলের অভ্যন্তরীণ বিষয়ে রাঘবের সাম্প্রতিক ‘নীরবতা’ ইঙ্গিত দিচ্ছে যে তিনি নিজেকে গুটিয়ে নিচ্ছেন। তবে সব লাইমলাইট এখন অশোক মিত্তলের ওপর। জলন্ধরের এক সাধারণ মিষ্টি ব্যবসায়ী পরিবার থেকে উঠে আসা মিত্তল আজ ভারতের অন্যতম বৃহৎ বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি’ (LPU)-র প্রতিষ্ঠাতা ও আচার্য। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং আইনের স্নাতক মিত্তল তাঁর শান্ত ও যুক্তিপূর্ণ আচরণের জন্য পরিচিত।
বৃহস্পতিবার দায়িত্ব নেওয়ার পর অশোক মিত্তল জানান, এটি দলের একটি গণতান্ত্রিক প্রক্রিয়া মাত্র। রাঘব চাড্ডা দলের সিনিয়র নেতা হিসেবেই থাকবেন। বর্তমানে রাজ্যসভায় আপ-এর ১০ জন সাংসদ রয়েছেন, যার মধ্যে ৭ জনই পঞ্জাবের। মিত্তলের এই উত্থান পঞ্জাব লবির শক্তি বৃদ্ধি এবং দলের পেশাদার ভাবমূর্তি উজ্জ্বল করার কৌশল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।