ট্রাম্পের দাবি বনাম সিএনএন-এর বিস্ফোরক রিপোর্ট! ৩৫ দিনের যুদ্ধেও কি অক্ষত ইরানের অর্ধেক মিসাইল ভাণ্ডার?

৩৫ দিন পার করল ইরান বনাম ইজরায়েল-আমেরিকা যুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বারবার দাবি করছেন যে ইরানের সামরিক মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, ঠিক তখনই চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করল মার্কিন সংবাদমাধ্যম সিএনএন (CNN)। গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে সিএনএন দাবি করেছে, মার্কিন ও ইজরায়েলি বাহিনীর অবিরাম হামলা সত্ত্বেও ইরানের প্রায় ৫০ শতাংশ ড্রোন এবং মিসাইল উৎক্ষেপণ ব্যবস্থা এখনো অক্ষত রয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প ওভাল অফিসে বসে জানিয়েছেন, আগামী ২-৩ সপ্তাহের মধ্যে অভিযান শেষ হবে এবং ইরান পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষমতা হারাবে। তবে যুদ্ধের ময়দান বলছে অন্য কথা। শুধুমাত্র বৃহস্পতিবারই সংযুক্ত আরব আমিরশাহি লক্ষ্য করে ১৫টি ব্যালিস্টিক মিসাইল ও ১১টি ড্রোন ছুড়েছে ইরান। কাতার, কুয়েত ও সৌদি আরবের জ্বালানি পরিকাঠামোতেও হামলা অব্যাহত রয়েছে। পেন্টাগনের দাবি অনুযায়ী, মার্কিন বাহিনীর ওপর হামলা ৯০ শতাংশ কমলেও ইরানের ‘মিসাইল সিটি’ বা ভূগর্ভস্থ নেটওয়ার্ক এখনো পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি।
ওয়াশিংটন-ভিত্তিক সিএসআইএস (CSIS)-এর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৩০০০ কিমি পাল্লার ‘সুমার’ এবং ২০০০ কিমি পাল্লার ‘সেজ্জিল’-এর মতো মারাত্মক ব্যালিস্টিক মিসাইল রয়েছে। যদিও সর্বোচ্চ নেতা আলি খামেনি এবং জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলি লারজানির মতো শীর্ষ নেতৃত্বের মৃত্যু ইরানকে মানসিকভাবে ধাক্কা দিয়েছে, তবুও তাদের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্রুজ মিসাইলের একটি বড় অংশ এখনো অক্ষত। হোয়াইট হাউসের মুখপাত্র আন্না কেলি অবশ্য এই রিপোর্টকে অস্বীকার করে জানিয়েছেন, বেনামি সূত্রগুলি ট্রাম্পের ‘অপারেশন এপিক ফিউরি’-র সাফল্যকে খাটো করার চেষ্টা করছে।