শহরজুড়ে হোর্ডিংয়ের দাপট! ঢাকা পড়ছে ট্রাফিক সিগন্যাল, সল্টলেক-কলকাতার পরিস্থিতি নিয়ে হাই কোর্টে মামলা

নির্বাচনের আগে প্রচারের জোয়ারে ভাসছে তিলোত্তমা। কিন্তু সেই প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহৃত বিশালাকায় হোর্ডিং এখন সাধারণ মানুষের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। কলকাতা ও সল্টলেকের বিভিন্ন মোড়ে লাগানো এই হোর্ডিংয়ের কারণে ঢাকা পড়ে যাচ্ছে ট্রাফিক সিগন্যাল, যা বড়সড় দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে জনস্বার্থ বিঘ্নিত হওয়ার অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন আইনজীবী কুণাল চক্রবর্তী।

অভিযোগ উঠেছে, সল্টলেক-সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় লোহার ফ্রেমে আটকানো এই হোর্ডিংগুলি চালকদের লাল-হলুদ-সবুজ সংকেত বুঝতে বাধা দিচ্ছে। শুধু তাই নয়, বহু আবাসিক এলাকায় হোর্ডিং এমনভাবে লাগানো হয়েছে যে বাসিন্দাদের জানলা-দরজা পর্যন্ত ঢেকে গিয়েছে। ফলে ঘরের ভেতর স্বাভাবিক আলো-বাতাস ঢোকা বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ।

মামলাকারীর আইনজীবী দীপ্তাংশু করের দাবি, অনেক জায়গায় কোনো বৈধ টেন্ডার বা অনুমতি ছাড়াই এই হোর্ডিং বসানো হয়েছে। এমনকি রাজনৈতিক প্রচার শেষ হওয়ার পর সেখানে বাণিজ্যিক বিজ্ঞাপন বসিয়ে নিয়মভঙ্গ করা হচ্ছে। আগামী সপ্তাহেই প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনগুপ্তর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। শহরবাসী এখন আদালতের কড়া নির্দেশের অপেক্ষায়, যাতে এই হোর্ডিং-বিপত্তি থেকে দ্রুত মুক্তি মেলে।