“৩৬৫ দিন থাকো, তোমার মুখ দেখলেই ভোট কাটবে”! অমিত শাহকে নজিরবিহীন আক্রমণ মমতার

২০২৬-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই চড়ছে শাসক-বিরোধী তরজা। বৃহস্পতিবার ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়ন পর্বে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন, ভোটের আগে টানা ১৫ দিন তিনি বাংলাতেই থাকবেন। শুক্রবার দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের সভা থেকে সেই মন্তব্যেরই কড়া পালটা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাহকে বিঁধে মমতার সপাট জবাব, “ভয় দেখাতে বলছে ১৫ দিন থাকবে? তুমি ৩৬৫ দিন থাকো। তোমার মুখ লোক যত দেখবে, তত ভোট কাটবে।”
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও আক্রমণাত্মক হয়ে দাবি করেন, শাহের মুখে ‘অত্যাচার ও দাঙ্গার চিহ্ন’ রয়েছে, যা দেখে বাংলার মানুষ মুখ ফিরিয়ে নেবে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বারবার বাংলায় আসাকে কটাক্ষ করে তৃণমূল বরাবরই ‘ডেইলি প্যাসেঞ্জারি’র অভিযোগ তুলে থাকে। এদিনের সভা থেকে মমতা সেই সুর আরও চড়িয়ে বলেন, “বাংলাকে টার্গেট করলে আমরা দিল্লিকে টার্গেট করব।”
ভাষণের শেষলগ্নে এক চাঞ্চল্যকর অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, বিহার এবং বাংলার কিছু এলাকা নিয়ে আলাদা রাজ্য গড়ার গোপন পরিকল্পনা করছে বিজেপি। তবে বাংলার মানুষ সেই চক্রান্ত সফল হতে দেবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। মমতার কথায়, “আলাদা রাজ্যের স্বপ্ন দেখার আগেই ওরা হারবে। ২০২৬-এই ওদের হারাব।”