রেল কর্মীদের জন্য সুখবর! নবরাত্রিতে মিলল উপহার, এক ধাক্কায় ২৫% বাড়ছে রানিং স্টাফদের ভাতা

নবরাত্রির পুণ্য লগ্নে ভারতীয় রেলের লক্ষ লক্ষ রানিং স্টাফদের জন্য এল বড় ঘোষণা। লোকো পাইলট, সহকারী লোকো পাইলট এবং গার্ডদের জন্য কিলোমিটার-রান অ্যালাউন্স (KMA) ২৫ শতাংশ বৃদ্ধির নীতিগত অনুমোদন দিল রেল মন্ত্রক। কেন্দ্রীয় সরকারের মহার্ঘ ভাতা (DA) ৫০ শতাংশ গণ্ডি পার করার পরেই এই বেতন বৃদ্ধির পথ প্রশস্ত হলো। অল ইন্ডিয়া রেলওয়েমেন’স ফেডারেশন (AIRF)-এর সাধারণ সম্পাদক শিব গোপাল মিশ্র এই সিদ্ধান্তকে রেল কর্মীদের বড় জয় হিসেবে অভিহিত করেছেন।

বেতন কাঠামোয় বড় বদল
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাম্প্রতিক আলোচনার পর এই ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেনের রানিং স্টাফরা সাধারণ কর্মীদের মতো দৈনিক ভাতা পান না, বরং ট্রেন চালানোর দূরত্বের ওপর ভিত্তি করে তাঁদের ভাতা নির্ধারিত হয়। নতুন নিয়মে, মেল বা এক্সপ্রেস ট্রেনের লোকো পাইলটরা প্রতি ১০০ কিলোমিটারে ৫৩০ টাকার পরিবর্তে এখন থেকে ৬৬২ টাকা ৫০ পয়সা পাবেন। একইভাবে মালগাড়ির চালকদের ভাতা ৫২০ টাকা থেকে বেড়ে হচ্ছে ৬৫০ টাকা। সহকারী লোকো পাইলট এবং গার্ডদের ভাতার ক্ষেত্রেও একই হারে বৃদ্ধি কার্যকর হচ্ছে।

কাদের কতটা লাভ?
এই বৃদ্ধির ফলে মাস শেষে রেল কর্মীদের হাতে আসা বেতনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে। যদিও মোট কত টাকা বাড়বে তা নির্ভর করবে সংশ্লিষ্ট কর্মী মাসে কত কিলোমিটার ট্রেন চালিয়েছেন তার ওপর। রেল মন্ত্রকের এই পদক্ষেপে কর্মীদের মনোবল বাড়বে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।