“দিদিমণি এবার বিশ্রাম নিন, বাকিটা আমরা দেখে নেব”, খড়গপুরে প্রার্থী হয়েই স্বমহিমায় দিলীপ!

দীর্ঘ জল্পনা আর রাজনৈতিক টানাপোড়েনের অবসান। নিজের পুরনো দুর্গ খড়গপুর থেকেই বিধানসভা নির্বাচনের টিকিট পেয়েছেন দিলীপ ঘোষ। আর নাম ঘোষণা হতে না হতেই শুক্রবার সকালে চেনা মেজাজে ধরা দিলেন বিজেপির এই হেভিওয়েট নেতা। খড়গপুরে প্রাতঃভ্রমণে বেরিয়ে ‘চা চক্রে’ যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের ইশতেহারকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি।
ইশতেহার ও ভাতা নিয়ে কটাক্ষ
তৃণমূলের সাম্প্রতিক নির্বাচনী প্রতিশ্রুতি এবং সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধি নিয়ে দিলীপ ঘোষ বলেন, “দিদিমণির ইশতেহার কেউ পড়েও না, বিশ্বাসও করে না। ভোটের সময় শুধু ভাঁওতা দেওয়া হয়।” রাজ্য সরকারের আর্থিক সংকটের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি প্রশ্ন তোলেন, “একদিকে বলছেন টাকা নেই, অন্যদিকে ভোটের আগে ঘোষণা করছেন। এই টাকা তো শেষমেশ মোদীজির কাছেই চাইতে যাবেন। আমি মানুষকে বলব, ভাতার আশায় বসে না থেকে মোদীজিকে ভোট দিন, তিনি ক্ষমতায় এলে বেতন ডবল করে দেবেন।”
জাতীয় নিরাপত্তা ও বাংলা জয়
এবারের নির্বাচনে বাংলার জয়কে দেশের নিরাপত্তার সঙ্গে যুক্ত করেছেন দিলীপ। তাঁর দাবি, “বাংলায় বিজেপি না এলে সারা দেশের ক্ষতি। এই রাজ্য দিয়েই উগ্রপন্থী আর রোহিঙ্গারা অনুপ্রবেশ করে দেশে অশান্তি ছড়াচ্ছে। ভারতের শান্তির স্বার্থেই বাংলায় বিজেপি সরকার দরকার।” নির্বাচন কমিশনকে মুখ্যমন্ত্রীর চিঠি দেওয়া প্রসঙ্গে দিলীপের সাফ কথা, “পনেরো বছর অনেক করেছেন, এবার বিশ্রাম নিন। বাকিটা আমরা বুঝে নেব।”