অপ্রতিরোধ্য লোবেরার ছেলেরা! ওড়িশাকে উড়িয়ে আইএসএল টেবিলের মগডালে বাগান ব্রিগেড

ঘরের মাঠে অশ্বমেধের ঘোড়া ছোটাল মোহনবাগান সুপার জায়ান্ট। শুক্রবার বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসি-কে ৫-১ গোলের বিশাল ব্যবধানে চূর্ণ করে আইএসএল (ISL 2026) টেবিলের শীর্ষস্থান মজবুত করল সবুজ-মেরুন ব্রিগেড। ম্যাচে অনবদ্য হ্যাটট্রিক করে ওড়িশার রক্ষণকে কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দিলেন অজি তারকা জেমি ম্যাকলারেন।
সের্জিও লোবেরার কোচিংয়ে গত তিন ম্যাচ জিতে আগেই জয়ের হ্যাটট্রিক করেছিল মোহনবাগান। এদিন ওড়িশাকে হারিয়ে টানা চার ম্যাচে জয় তুলে নিল তারা। ম্যাচের ১৪ মিনিটেই দিমিত্রির ব্যাক হিল এবং শুভাশিসের ক্রস থেকে চমৎকার হেডে দলকে এগিয়ে দেন ম্যাকলারেন। ২৩ মিনিটে ফের নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। ম্যাচের ৪২ মিনিটে দূরপাল্লার শটে গোল করেন আলবার্তো রডরিগেজ। বিরতির ঠিক আগে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন অজি গোলমেশিন ম্যাকলারেন।
ওড়িশার হয়ে একমাত্র গোলটি করেন রহিম আলি। তবে ম্যাচের ৮৮ মিনিটে নিজের চতুর্থ এবং দলের পঞ্চম গোলটি করে ওড়িশার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন জেমি। এই মুহূর্তে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে মোহনবাগান। চলতি মরশুমে ৪ ম্যাচে ৭ গোল করে গোলদাতার তালিকায় সবার উপরে রয়েছেন ম্যাকলারেন। এর আগের ম্যাচে মহামেডানকেও ৫-১ গোলে হারিয়েছিল তারা, ফলে টানা দুই ম্যাচে ৫ গোল করার নজির গড়ল বাগান শিবির।