বিজয়-রশ্মিকার রিসেপশনে চাঁদের হাট! হায়দরাবাদের বিলাসবহুল হোটেলে হাজির অল্লু অর্জুন থেকে কর্ণ জোহর

বিনোদনের দুনিয়ায় প্রতি মুহূর্তেই ঘটছে নতুন সব ঘটনা। টিনসেল টাউনের সেই সব খবর নিয়ে হাজির ‘নজরে বিনোদন’। দেখে নিন আজকের দিনভর বিনোদন জগতের সেরা হাইলাইটস।

বিজয়-রশ্মিকার প্রীতিভোজে তারকার মেলা:
হায়দরাবাদের অভিজাত ‘তাজ কৃষ্ণ’ হোটেলে হয়ে গেল বিজয় দেবেরাকোণ্ডা এবং রশ্মিকা মন্দানার রাজকীয় প্রীতিভোজ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণী ও হিন্দি ছবির জগতের দিকপালরা। অল্লু অর্জুন থেকে শুরু করে রামচরণ ও তাঁর স্ত্রী উপাসনা, চিরঞ্জীবী, নাগার্জুন এবং নাগা চৈতন্য— কে ছিলেন না সেখানে! ‘পুষ্পা’ টিমের এক ছোটখাটো পুনর্মিলনও হয়ে গেল এই রাতে। মুম্বই থেকে উড়ে গিয়েছিলেন কর্ণ জোহর, কৃতী শ্যানন, ম্রুণাল ঠাকুর এবং নীনা গুপ্তার মতো তারকারা। নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো।

শাহেনশাহ-র ‘শান্ত হোলি’:
অন্যান্য বার অমিতাভের বাংলো ‘জলসা’ হোলির রঙে রঙিন হয়ে উঠলেও এ বছর ছবিটা ছিল ভিন্ন। রঙের বদলে শান্তিকেই বেছে নিলেন অমিতাভ বচ্চন। ঘনিষ্ঠ বন্ধু কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্রর প্রয়াণ সম্ভবত বিগ বি-কে মানসিকভাবে বিধ্বস্ত করে রেখেছে। এ বছর তিনি কোনও হুল্লোড় না করে মিষ্টির ছবি দিয়ে অনুরাগীদের হোলির শুভেচ্ছা জানিয়েছেন। নিজের স্মৃতিমাখা ঘর ‘জলসা’র প্রতি আবেগঘন বার্তাও দিয়েছেন তিনি।

দুবাইয়ে ভয়াবহ অভিজ্ঞতা মালাইকার মায়ের:
পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির জেরে দুবাইয়ে আটকে পড়েছেন মালাইকা অরোরার মা জয়সি অরোরা। বড় দিদির জন্মদিন পালন করতে গিয়ে এখন মিসাইল হামলার সাক্ষী হতে হচ্ছে তাঁকে। জয়সি জানিয়েছেন, চোখের সামনে আকাশে মিসাইল উড়তে দেখা এক ভয়ানক অভিজ্ঞতা। যদিও সরকারি ব্যবস্থাপনায় তিনি নিরাপদেই আছেন, তবুও দ্রুত দেশে ফিরতে চাইছেন। ৩ মার্চ ফেরার কথা থাকলেও বিমান বাতিল হওয়ায় তিনি এখন মরুশহরেই বন্দি। মালাইকা সারাদিনে বারবার মায়ের খোঁজ নিচ্ছেন। উল্লেখ্য, সোনাল চৌহান এবং এষা গুপ্তও ওখানে আটকে ছিলেন, তবে তাঁরা ইতিমধ্যেই ভারতে ফিরেছেন।