পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ! দুবাইয়ে আটকে পড়েছেন শুভশ্রী-ইউভান, উৎকণ্ঠায় রাজ চক্রবর্তী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘে এবার উদ্বেগের ছায়া টলিউডে। ইরান ও ইজরায়েল-আমেরিকার মধ্যেকার সংঘাতের জেরে উত্তাল দুবাই। আর সেই রণক্ষেত্র পরিস্থিতির মাঝেই ওপারেই আটকে পড়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং তাঁর চার বছরের ছেলে ইউভান। বুধবার গভীর রাতে তাঁদের কলকাতায় ফেরার কথা থাকলেও আকস্মিক পরিস্থিতির অবনতিতে বাতিল হয়েছে বিমান। আপাতত উৎকণ্ঠার প্রহর গুনছেন স্বামী তথা বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তী।
ছুটির মেজাজে বাধা দিল যুদ্ধ:
ছেলে ইউভানকে নিয়ে দিন কয়েকের জন্য দুবাইয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন শুভশ্রী। কিন্তু বুধবার ইরান-ইজরায়েল সংঘাত চরম আকার নেওয়ায় বিমান পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে। রাজ চক্রবর্তী জানিয়েছেন, বুধবারের নির্ধারিত বিমানটি বাতিল হওয়ায় মা ও ছেলেকে দুবাইতেই থেকে যেতে হয়েছে। বর্তমানে তাঁরা সেখানকার একটি হোটেলে নিরাপদেই রয়েছেন। নিরাপত্তার কারণে দুবাইয়ের রাস্তাঘাট ফাঁকা থাকলেও হোটেলের ভেতর আপাতত কোনো বিপত্তি নেই।
ফেরাতে সক্রিয় বিদেশ মন্ত্রক:
স্ত্রী ও সন্তানকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে মরিয়া রাজ চক্রবর্তী ইতিমধ্যেই ভারত সরকারের বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেছেন। বিধানসভার অধ্যক্ষের মাধ্যমেও বিষয়টি সংশ্লিষ্ট দফতরে জানানো হয়েছে। রাজ জানিয়েছেন, “শুভশ্রী ও ইউভানের জন্য শুক্রবার (৬ মার্চ) ভোরের একটি বিমানের টিকিট করা হয়েছে। সেই বিমানে করে প্রথমে তাঁরা মুম্বই নামবেন, তারপর সেখান থেকে কলকাতা ফিরবেন।”
উদ্বেগের মাঝেও রাজের প্রার্থনা:
নিজের পরিবারের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা থাকলেও রাজ ভোলেননি অন্যদের কথা। তিনি জানান, শুভশ্রীর বন্ধুরা ও প্রশাসনের আধিকারিকরা তাঁদের ফেরাতে সাহায্য করছেন। রাজের কথায়, “শুধু আমার পরিবার নয়, যুদ্ধের কারণে বহু মানুষ ভিনদেশে আটকে পড়েছেন। আমি সবার জন্যই প্রার্থনা করছি। দ্রুত যেন যুদ্ধবিরতি ঘটে এবং সবাই সুস্থ শরীরে বাড়ি ফিরতে পারেন।”
শুভশ্রী জানিয়েছেন, প্রতিকূল পরিস্থিতির মাঝেও ছেলে ইউভান তাঁর কাছে ভালোই আছে। আপাতত শুক্রবারের ভোরের দিকেই তাকিয়ে রয়েছে চক্রবর্তী পরিবার।