শেয়ার বাজারে আজ কি হবে লক্ষ্মীলাভ? গিফট নিফটির গ্রিন সিগন্যাল, নজরে রিলায়েন্স থেকে এইচইউএল!

বুধবারের প্রবল ধসের পর বৃহস্পতিবার ভারতীয় শেয়ার বাজারে নতুন আশার আলো দেখা যাচ্ছে। বিশ্ববাজারের ইতিবাচক সংকেত এবং গিফট নিফটির ঊর্ধ্বমুখী প্রবণতা লগ্নিকারীদের কিছুটা স্বস্তি দিচ্ছে। আজ সকালে গিফট নিফটি ২৪,৭২৫ স্তরের কাছাকাছি লেনদেন করছিল, যা নিফটি ফিউচারের আগের বন্ধের তুলনায় প্রায় ১৪০ পয়েন্ট বেশি। ফলে আজ বাজার একটি শক্তিশালী গ্যাপ-আপ ওপেনিং করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, বুধবার মার্কিন-ইরান যুদ্ধের আবহে সেনসেক্স ১,১২২ পয়েন্ট এবং নিফটি ৩৮৫ পয়েন্ট খুইয়ে তলানিতে ঠেকেছিল। তবে আজ বেশ কিছু বড় সংস্থায় গুরুত্বপূর্ণ খবরের জেরে স্টক স্পেসিফিক অ্যাকশন দেখা যেতে পারে।
আজ যে স্টকগুলি নজরে রাখতে পারেন:
বিএসই (BSE): সেনসেক্স নেক্সট ৩০ সূচকে ডেরিভেটিভ চুক্তি চালুর জন্য সেবি (SEBI)-র সবুজ সংকেত পেয়েছে বিএসই। এটি সংস্থার জন্য বড় মাইলফলক।
হিন্দুস্তান ইউনিলিভার (HUL): নিউট্রিশন ল্যাবে নিজেদের পুরো অংশীদারিত্ব ৩০৭ কোটি টাকায় বিক্রি করেছে এইচইউএল। এর ফলে আজ শেয়ারে প্রভাব পড়তে পারে।
ইন্ডিগো (IndiGo): মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ৫০০-র বেশি ফ্লাইট বাতিল হওয়ায় এয়ারলাইন স্টকের দিকে নজর থাকবে বিনিয়োগকারীদের।
এমআরএফ (MRF): তামিলনাড়ুতে নতুন টায়ার কারখানার জন্য ৫,৩০০ কোটি টাকা বিনিয়োগের মৌ (MoU) স্বাক্ষর করেছে সংস্থাটি।
গ্লেনমার্ক ফার্মা: মার্কিন এফডিএ (USFDA) থেকে নতুন ইনহেলার অ্যারোসলের জন্য চূড়ান্ত অনুমোদন পেয়েছে এই ওষুধ প্রস্তুতকারী সংস্থা।
গুজরাট গ্যাস: মধ্যপ্রাচ্য সংকটে গ্যাস সরবরাহে টান পড়ায় শিল্প গ্রাহকদের ‘ফোর্স ম্যাজিওর’ নোটিশ দিয়েছে তারা। ৬ মার্চ থেকে সরবরাহ কমবে।