প্রথমবার ছেলের ছবি সামনে আনলেন অদিতি মুন্সি! মিষ্টি খুদেকে দেখে কী বলছে নেটপাড়া?

নতুন বছরের শুরুতেই মাতৃত্বের স্বাদ পেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী তথা রাজারহাট-গোপালপুরের বিধায়ক অদিতি মুন্সি। গত ১১ জানুয়ারি এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। মা হওয়ার পর থেকেই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন খুদের এক ঝলক দেখার জন্য। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে সোশ্যাল মিডিয়ায় সন্তানের প্রথম ছবি শেয়ার করলেন অদিতি।

অদিতি যে ছবিটি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে পরম স্নেহে অদিতি এবং তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তীর হাতের ওপর রাখা রয়েছে খুদের ছোট্ট ছোট্ট দুটি পা। অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে অদিতির হাতের ওপর ধরা রয়েছে ছেলের পা। তবে গোপনীয়তা বজায় রেখে এখনই ছেলের মুখ সামনে আনেননি তারকা দম্পতি। এমনকি ছেলের নামও এখনও খোলসা করেননি তাঁরা। মনে করা হচ্ছে, অন্নপ্রাশনের শুভ দিনেই হয়তো ছেলেকে প্রথমবার দুনিয়ার সামনে আনবেন গায়িকা।

২০১৮ সালে তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন অদিতি। সংগীত এবং রাজনীতি— দুই ময়দানই সমান দক্ষতায় সামলান তিনি। বিয়ের সাত বছর পর দম্পতির কোল আলো করে এল প্রথম সন্তান। অদিতির এই পোস্টে নেটিজেনরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। সকলে আশীর্বাদ করার পাশাপাশি অনুরোধ জানিয়েছেন, যাতে খুব দ্রুত খুদের মুখ দেখান অদিতি। আপাতত মাতৃত্বকালীন ছুটিতে থাকলেও, অদিতির এই নতুন ইনিংস নিয়ে খুশির হাওয়া তাঁর অনুরাগী মহলে।