সিকিমে কম্পন-বৃষ্টি! ৯৬ ঘণ্টায় ৩৯ বার কেঁপে উঠল পাহাড়, বড় কোনো বিপর্যয়ের আগাম সঙ্কেত?

প্রকৃতির রোষের মুখে পাহাড়। গত শুক্রবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উত্তর-পূর্ব ভারতের সিকিমে এক অভাবনীয় ভৌগোলিক অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। গত চার দিনে সিকিমে অন্তত ৩৯ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা কখনও ৩ তো কখনও ৪ ছুঁয়েছে। শুক্রবার গভীর রাতে প্রথম কম্পন অনুভূত হওয়ার পর থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এই ধারা অব্যাহত রয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, মাত্র ৪ ঘণ্টা ১২ মিনিটের ব্যবধানে টানা ১২ বার কেঁপে উঠেছে সিকিমের মাটি।
সিকিমের এই কম্পনের রেশ পৌঁছেছে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি ও দার্জিলিংয়ের বিস্তীর্ণ এলাকায়। বারবার এমন মৃদু ও মাঝারি কম্পনে আতঙ্কিত সাধারণ মানুষ। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা আরও গভীর। ভূতাত্ত্বিকদের মতে, এটি একটি ভয়াবহ ‘ফোর শক’ (Foreshock) হতে পারে। সাধারণত কোনো বড় আকারের ভূমিকম্প হওয়ার আগে ভূমিভাগ এভাবে বারবার কেঁপে ওঠে। বিজ্ঞানীরা একে পঙ্গপালের ঝাঁকের সঙ্গে তুলনা করছেন, যা বারবার এসে বড় বিপদের সঙ্কেত দিয়ে যায়।
ভূমিকম্প বিশেষজ্ঞরা মনে করছেন, হিমালয়ের পাদদেশে থাকা পশ্চিমবঙ্গের জেলাগুলোর জন্যও এটি বড় বিপদের ঘণ্টা। মাটির নিচে থাকা টেকটনিক প্লেটের এই অস্বাভাবিক নড়াচড়া আগামী দিনে বড় কোনো বিপর্যয়ের পূর্বাভাস কি না, তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। আপাতত পাহাড় ও ডুয়ার্স এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।