‘নারাভানে না কি পেঙ্গুইন, মিথ্যে বলছে কে?’ সেনাপ্রধানের বই নিয়ে বিস্ফোরক রাহুল গান্ধী

প্রাক্তন সেনাপ্রধান জেনারেল এম. এম. নারাভানের স্মৃতিকথা ‘ফোর স্টারস অফ ডেস্টিনি’ নিয়ে বিতর্ক এবার তুঙ্গে। মঙ্গলবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, “হয় প্রাক্তন সেনাপ্রধান নারাভানে মিথ্যে বলছেন, নয়তো প্রকাশক সংস্থা পেঙ্গুইন মিথ্যে বলছে। তবে আমি আমার দেশের প্রাক্তন সেনাপ্রধানের ওপর বেশি ভরসা করি।”
বিতর্কের মূলে কী? রাহুল গান্ধী নারাভানের ২০২৩ সালের একটি সোশ্যাল মিডিয়া পোস্টের কথা উল্লেখ করেন। সেখানে জেনারেল লিখেছিলেন, “বন্ধুরা, আমার বই এখন পাওয়া যাচ্ছে, লিঙ্কে ক্লিক করে সংগ্রহ করুন।” অথচ গত সোমবার প্রকাশক সংস্থা ‘পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া’ এক বিবৃতিতে জানায় যে, এই বইটির কোনো সংস্করণ (প্রিন্ট বা ডিজিটাল) প্রকাশিত বা বিতরণ করা হয়নি। রাহুল গান্ধীর প্রশ্ন—যদি বইটি প্রকাশিতই না হয়, তবে জেনারেল কেন তা কেনার লিঙ্ক দিয়েছিলেন?
সরকারকে আক্রমণ: রাহুল গান্ধীর দাবি, বইটিতে গালওয়ান সংঘর্ষ এবং অগ্নিপথ প্রকল্পের মতো বিষয় নিয়ে এমন কিছু মন্তব্য রয়েছে যা প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের জন্য চরম অস্বস্তিকর। সেই কারণেই কি দিল্লির পুলিশের এফআইআর-এর পর প্রকাশক সংস্থা পিছু হঠছে? রাহুল স্পষ্ট জানিয়েছেন, সেনাপ্রধানের বলা সত্যকে ধামাচাপা দিতেই এই লুকোচুরি চলছে। উল্লেখ্য, জেনারেল নারাভানে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ভারতের ২৮তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।