ভারতের বিরুদ্ধে খেলতে বাধ্য পাকিস্তান! আইসিসি-র চাপে নতিস্বীকার করে রবিবার মাঠে নামছে বাবর-বাহিনী

দীর্ঘ টালবাহানা আর নাটকের যবনিকা পতন ঘটল। অবশেষে ভারতের বিরুদ্ধে খেলতে রাজি হল পাকিস্তান। নিজেদের পূর্ব অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) গতকাল জানিয়ে দিয়েছে, কলম্বোয় ভারতের মুখোমুখি হতে তারা প্রস্তুত। সোমবার গভীর রাতে পাক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বন্ধু দেশগুলির অনুরোধ এবং বেশ কিছু শর্তের মিমাংসা হওয়ার পর দলকে মাঠে নামার অনুমতি দেওয়া হচ্ছে।

রবিবার লাহোরে আইসিসি (ICC) কর্তাদের সঙ্গে পাকিস্তান ও বাংলাদেশের বোর্ড প্রধানদের একটি বৈঠক হয়। সেখানে বাংলাদেশ বোর্ড তিনটি প্রধান দাবি রেখেছিল— বিশ্বকাপের আর্থিক ক্ষতিপূরণ, নির্দিষ্ট ‘পার্টিসিপেশন ফি’ এবং ২০৩১ সালের মধ্যে একটি আইসিসি ইভেন্ট হোস্ট করার সুযোগ। আইসিসি বাংলাদেশের ওপর কোনো আর্থিক শাস্তি না দেওয়ার এবং ইভেন্ট হোস্ট করার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেই বরফ গলতে শুরু করে। তবে পাকিস্তানের কিছু ‘অযৌক্তিক’ দাবি মুহূর্তেই খারিজ করে দেয় বিশ্ব ক্রিকেট সংস্থা। ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ ফেরানো কিংবা ক্রিকেটারদের করমর্দন নিয়ে পাক বোর্ডের অদ্ভুত শর্তগুলি মানতে চাননি আইসিসি প্রতিনিধি ইমরান খোয়াজা।

ক্রিকেট মহলের মতে, বয়কটের হুমকি দিলেও শেষ পর্যন্ত শ্রীলঙ্কা এবং আরব আমিরশাহির মতো বন্ধু দেশগুলির চাপের কাছে নতিস্বীকার করতে বাধ্য হয়েছে পাকিস্তান। এই দেশগুলি পাকিস্তানকে দুর্দিনে সাহায্য করেছিল, অথচ পাকিস্তান না খেললে তাদেরই বিপুল আর্থিক ক্ষতি হত। ফলে আন্তর্জাতিক মহলে নিজেদের অবস্থান ধরে রাখতে কার্যত বাধ্য ছেলের মতোই মাঠে ফিরছে তারা। তবে পাকিস্তানের এই বারবার সিদ্ধান্ত বদলকে ‘মূর্খামি’ বলে কটাক্ষ করছেন ক্রিকেট ভক্তরা।