সচিনের আশীর্বাদ মাথায় নিয়ে মুম্বই ফিরলেন বিশ্বকাপজয়ী আয়ূষ! উপহারে পেলেন মাস্টার-ব্লাস্টারের ‘বিদায়ী’ জার্সি

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের রূপকথা লিখে দেশে ফিরতেই বড় চমক পেলেন ভারতীয় দলের অধিনায়ক আয়ূষ মাত্রে। মুম্বইয়ে পা রাখা মাত্রই তাঁর কাছে সুযোগ এল ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকরের সঙ্গে দেখা করার। শুধু দেখা করাই নয়, সচিনের কাছ থেকে এমন এক উপহার আয়ূষ পেলেন যা যে কোনো ক্রিকেটারের কাছে স্বপ্নাতীত। নিজের কেরিয়ারের সেই ঐতিহাসিক শেষ টেস্ট সিরিজের জার্সিটি আয়ূষের হাতে তুলে দিলেন সচিন। জার্সির ওপর সচিন লিখে দিলেন, ‘প্রিয় আয়ূষ, তোমার কেরিয়ারে সাফল্যের জন্য শুভেচ্ছা জানাচ্ছি।’

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই সাক্ষাতের ভিডিওতে দেখা যাচ্ছে, মাস্টার-ব্লাস্টার পরম স্নেহে তরুণ অধিনায়ককে সাফল্যের মূলমন্ত্র দিচ্ছেন। সচিনকে বলতে শোনা যায়, ‘কঠোর পরিশ্রম করে যাও। লোকজনের কথায় কান দিয়ে নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হয়ো না। অনুশীলন চালিয়ে যেতে হবে। চলার পথে মনকে লক্ষ্যভ্রষ্ট করার মতো অনেক ঘটনা ঘটবে, সে সব উপেক্ষা করে এগিয়ে যেতে হবে।’ সচিনের এই মূল্যবান পরামর্শ বিশ্বজয়ী অধিনায়কের আগামী পথচলায় অক্সিজেনের মতো কাজ করবে বলে মনে করছে ক্রিকেট মহল।

আয়ূষ মাত্রে নিজেও এই বিশেষ মুহূর্ত নিয়ে আবেগপ্রবণ। সচিন তেন্ডুলকরের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘আমি টেলিভিশনের পর্দায় আপনাকে দেখে বড় হয়ে উঠেছি। আজ আপনার বাড়িতে আপনার জার্সি হাতে দাঁড়িয়ে থাকা আমার কাছে বিশাল সম্মানের। আপনি যেভাবে ভারতীয় ক্রিকেটকে গর্বিত করেছেন, আমি সেই একই সম্মান নিয়ে এই জার্সি আগলে রাখব।’ উল্লেখ্য, বিশ্বকাপের শুরুতে ব্যক্তিগত ফর্মে কিছুটা ভাটা থাকলেও নক-আউট ও ফাইনালে দুরন্ত পারফর্ম করে দলকে চ্যাম্পিয়ন করেছেন আয়ূষ। এখন তাঁর পরবর্তী লক্ষ্য সচিনের মতোই সিনিয়র দলের জার্সি গায়ে ভারতকে আরও একটি বিশ্বকাপ এনে দেওয়া।