মেডিক্যালে চান্স পেতে এ কী কাণ্ড! নিজের পায়ের পাতা নিজেই কাটলেন ‘নিট’ পরীক্ষার্থী?

চিকিৎসক হওয়ার স্বপ্ন যখন মরণপণ জেদে পরিণত হয়, তখন মানুষ কতটা ভয়ঙ্কর পদক্ষেপ নিতে পারে, তার জলজ্যান্ত উদাহরণ হয়ে রইল উত্তরপ্রদেশের জৌনপুর। নিট (NEET) পরীক্ষায় দু-দুবার ব্যর্থ হওয়ার পর ডাক্তারিতে সুযোগ পেতে নিজের শরীরের অঙ্গহানি করলেন ২০ বছরের এক তরুণ। উদ্দেশ্য ছিল একটাই— নিজেকে ‘বিশেষভাবে সক্ষম’ (Physically Handicapped) প্রমাণ করে সংরক্ষিত কোটার সুবিধা নিয়ে মেডিক্যাল কলেজে জায়গা করে নেওয়া।

ঘটনার সূত্রপাত হয় যখন ওই তরুণের দাদা পুলিশে অভিযোগ করেন যে, রাতে কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর ভাইয়ের ওপর হামলা চালিয়েছে এবং তাঁর পায়ের পাতার একাংশ কেটে নিয়ে পালিয়ে গিয়েছে। কিন্তু তদন্তে নামতেই পুলিশের সন্দেহ দানা বাঁধে। ঘটনাস্থলে কোনো ধস্তাধস্তির চিহ্ন ছিল না। এরপর ওই ছাত্রের ডায়েরি এবং তাঁর এক ঘনিষ্ঠ পরিচিতাকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে হাড়হিম করা সত্য। ডায়েরিতে ওই তরুণ লিখেছিলেন, ২০২৬ সালে তিনি যেভাবেই হোক মেডিক্যালে সুযোগ পাবেনই।

পুলিশের তদন্তে উঠে এসেছে যে, সাধারণ ক্যাটাগরিতে বারবার ব্যর্থ হওয়ায় হতাশ হয়ে পড়েছিলেন ওই ছাত্র। তাই বিশেষভাবে সক্ষম কোটায় কাট-অফ নম্বর কম থাকে বলে নিজেকে পঙ্গু করার এই হঠকারী সিদ্ধান্ত নেন তিনি। নিজের হাত দিয়েই নিজের পায়ের পাতা কেটে এই সাজানো গল্প তৈরি করেছিলেন যাতে আইনি শংসাপত্র পেতে সুবিধা হয়। বর্তমানে এই ঘটনার গভীর তদন্ত চালাচ্ছে জৌনপুর পুলিশ। চিকিৎসকদের মতে, দীর্ঘদিনের মানসিক অবসাদ এবং পরীক্ষার বিপুল চাপই ওই তরুণকে এমন চরম ও বিপজ্জনক পথে ঠেলে দিয়েছে।