২৮ ফেব্রুয়ারির মধ্যেই কি মিলবে চূড়ান্ত ভোটার তালিকা? সুপ্রিম রায়ে খোলনলচে বদলে গেল বাংলার SIR!

সুপ্রিম কোর্টের রায়ের পর বাংলায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর (SIR) প্রক্রিয়ার পুরো মানচিত্রটাই বদলে গেল। আগে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের কথা থাকলেও, শীর্ষ আদালতের নির্দেশে স্ক্রুটিনির জন্য আরও ৭ দিন সময় বাড়ানো হয়েছে। ফলে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটারদের নথি যাচাইয়ের কাজ করবেন ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) এবং এইআরও-রা। এই বাড়তি সময়ের জেরে চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে কিছুটা সংশয় তৈরি হলেও, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতর আশ্বস্ত করেছে যে, ২৮ ফেব্রুয়ারির মধ্যেই কাজ শেষ করার আপ্রাণ চেষ্টা করা হবে।

কমিশন সূত্রে খবর, বর্তমানে ১ কোটি ৩৯ লক্ষ মানুষের শুনানি শেষ হয়েছে এবং ১ কোটি ৬ লক্ষ নথি অ্যাপে আপলোড করা হয়েছে। তবে উত্তর কলকাতা, মালদা এবং দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাগুলোতে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে থাকা বহু মানুষ শুনানিতে অনুপস্থিত থাকায় কাজ কিছুটা পিছিয়ে গিয়েছিল। তাঁদের পুনরায় চিঠি পাঠিয়ে কাজে গতি আনার চেষ্টা চলছে। শীর্ষ আদালতের নির্দেশে আগামীকালই কাজে যোগ দিচ্ছেন ৮৫০৫ জন গ্রুপ-বি আধিকারিক। তাঁদের দুই দিনের প্রশিক্ষণ এবং লগ-ইন আইডি পাওয়ার পর তাঁরা সরাসরি মাঠে নামবেন।

পুরো প্রক্রিয়াটি শেষ হওয়ার পর জেলা নির্বাচনী আধিকারিকরা (DEO) কাজ মূল্যায়ন করবেন এবং সবশেষে সিইও মনোজ কুমার আগরওয়াল জাতীয় নির্বাচন কমিশনকে রিপোর্ট পাঠাবেন। তার পরেই প্রকাশিত হবে বহু প্রতীক্ষিত চূড়ান্ত ভোটার তালিকা। এখন দেখার, নির্ধারিত ২৮ ফেব্রুয়ারির মধ্যে কমিশন এই বিশাল কর্মযজ্ঞ সফলভাবে শেষ করতে পারে কি না।