ইউ-টার্ন পাকিস্তানের! বয়কটের হুমকি সরিয়ে ভারতের বিরুদ্ধে লড়তে রাজি নকভিরা, নেপথ্যে বাংলাদেশের আরজি?

আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণে ভারতের মুখোমুখি হতে চলেছে পাকিস্তান। দীর্ঘ টালবাহানা ও বয়কটের হুমকির পর অবশেষে পিছু হটল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। গত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার ঘোষণা করেছিল যে, তারা টুর্নামেন্টে থাকলেও ভারতের বিরুদ্ধে কোনো ম্যাচ খেলবে না। তবে সোমবার পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি স্পষ্ট করেছেন, বাংলাদেশের বিশেষ অনুরোধ মেনেই তাঁরা এই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

ঘটনার সূত্রপাত বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত আপত্তিতে। ভারত থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি আইসিসি প্রত্যাখ্যান করলে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দেয়। সেই সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানও ভারত-ম্যাচ বয়কটের ডাক দিয়েছিল। কিন্তু সম্প্রতি লাহোরে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং আইসিসি কর্তাদের সঙ্গে বৈঠকের পর ছবিটা বদলে যায়। পাকিস্তান ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলার শর্ত রাখলেও আইসিসি তা নাকচ করে দেয়।

সোমবার রাওয়ালপিন্ডিতে পিএসএল ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানসের নিলাম অনুষ্ঠানে মহসিন নকভি যাবতীয় দায় বাংলাদেশের ওপর চাপিয়ে বলেন, “বাংলাদেশ আমাদের কাছে বিনীত অনুরোধ করেছে যেন আমরা ভারতের বিরুদ্ধে ম্যাচটি খেলি। তাদের সেই অনুরোধ রাখতেই আমরা মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছি।” ফলে আগামী রবিবার কলম্বোয় বহু প্রতীক্ষিত ভারত-পাকিস্তান লড়াই ঘিরেই এখন উত্তেজনার পারদ তুঙ্গে।