সংসদে রণক্ষেত্র! স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে ‘ইন্ডিয়া’ জোট, পাল্টাচাল বিজেপি মহিলা সাংসদদের

সংসদের বাজেট অধিবেশন ঘিরে শাসক ও বিরোধী শিবিরের সংঘাত এবার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাল। লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী ‘ইন্ডিয়া’ (INDIA) জোট। বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে সংসদে বলতে না দেওয়া এবং অন্যায়ভাবে ৮ জন সাংসদকে পুরো অধিবেশনের জন্য বরখাস্ত করার প্রতিবাদেই এই নজিরবিহীন পদক্ষেপ নিতে চলেছে কংগ্রেসসহ বিরোধী দলগুলি।
সোমবার সকালে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের বাসভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই রণকৌশল নির্ধারিত হয়। বৈঠকে রাহুল গান্ধী ছাড়াও তৃণমূলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শতাব্দী রায়। বিরোধীদের অভিযোগ, ট্রেজারি বেঞ্চের সাংসদদের বিশেষ সুবিধা দেওয়া হলেও বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে। বিশেষ করে কংগ্রেসের মহিলা সাংসদদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলার বিষয়টি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। নিয়ম অনুযায়ী, অনাস্থা প্রস্তাব আনার ২০ দিন আগে নোটিশ দিতে হয়, তাই অধিবেশনের দ্বিতীয় পর্বে এই প্রস্তাব পেশ করা হতে পারে।
পাল্টা চালে এবার ময়দানে নেমেছেন বিজেপির মহিলা সাংসদরাও। স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে গত ৪ ফেব্রুয়ারির ঘটনার দিন তাঁর ভূমিকার প্রশংসা করেছেন তাঁরা। বিজেপি সাংসদদের দাবি, সেদিন যাঁরা সংসদে উত্তাল পরিস্থিতি তৈরি করেছিলেন, তাঁদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে হবে। সব মিলিয়ে স্পিকারের আসনকে কেন্দ্র করে শাসক-বিরোধী দ্বৈরথে সরগরম দিল্লির রাজনৈতিক অলিন্দ।