‘খবরদার! মন্ত্রীকে দিয়ে ফোন করাবে না!’ উঠতি গায়কের উপর চরম চটলেন বিশাল দাদলানি, দিলেন আজীবন ব্যান!

বলিউডের জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও গায়ক বিশাল দাদলানির মেজাজ এমনিতে বেশ চনমনে। কিন্তু এক উঠতি গায়কের কাণ্ডে এবার অগ্নিশর্মা তিনি। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো নাম না করে ওই গায়ককে ধুয়ে দিলেন বিশাল। সাফ জানিয়ে দিলেন, রাজনৈতিক ক্ষমতা বা মন্ত্রীর সুপারিশ কাজে লাগিয়ে তাঁর সঙ্গে কাজ করার কথা ভাবলে ফলাফল হবে হিতে বিপরীত।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্টে বিশাল দাদলানি লিখেছেন, ‘নতুন ও উঠতি গায়কদের জন্য একটি পরামর্শ। ভুলেও কখনও কোনও মন্ত্রী বা তাঁর সেক্রেটারিকে দিয়ে আমাকে ফোন করাবে না। এটা এমন একটা পথ, যা বেছে নিলে আমার সঙ্গে তোমার জীবনেও দেখা হবে না।’ বিশাল আরও জানান, এক উঠতি গায়ক সম্প্রতি এক মন্ত্রীকে দিয়ে তাঁকে ফোন করিয়েছিলেন। এর জবাবে বিশাল কেবল ওই গায়ককেই নয়, খোদ মন্ত্রীকেও ব্লক করে দিয়েছেন। বিশালের সাফ কথা, ‘তুমি যদি ভবিষ্যতে বিরাট মাপের গায়কও হয়ে যাও, তবুও তোমার সঙ্গে কাজ করার বিন্দুমাত্র আগ্রহ আমার নেই। যারা নিজের গুণের বদলে কন্ট্যাক্ট কাজে লাগাতে চায়, তাদের জন্য আমার কোনও শ্রদ্ধা নেই।’
এই পোস্টের ক্যাপশনে বিশাল নতুনদের কঠোর পরিশ্রম ও ধৈর্যের পরামর্শ দিয়েছেন। তিনি মনে করেন, যারা সুপারিশের সাহায্য নেয়, তারা আসলে নিজেদের প্রতিভার ওপর বিশ্বাস রাখে না। বিশালের এই পোস্টে মজার ছলে মন্তব্য করেছেন ‘বিগ বস’ জয়ী মুনাওয়ার ফারুকি। তিনি লেখেন, ‘স্যার, আমার ম্যানেজার ট্রুকলারে নিজের নাম মন্ত্রী লিখে রেখেছে, ওকে দয়া করে আনব্লক করে দিন।’ রসিক বিশালও পাল্টা জবাবে লেখেন, ‘ম্যানেজার তো রেখেছ, এবার একজন উকিলও ঠিক করে রাখো!’ বর্তমানে ‘ইন্ডিয়ান আইডল’-এর বিচারকের আসনে থাকা বিশাল দাদলানির এই কড়া অবস্থান বলিউডের স্বজনপোষণ ও সুপারিশ সংস্কৃতির বিরুদ্ধে এক বলিষ্ঠ বার্তা বলেই মনে করছে নেটিজেনরা।