ধর্ষণের চেষ্টা ও প্রাণনাশের হুমকি! মুর্শিদাবাদে প্রতিবেশী যুবকের লালসার শিকার হয়ে কিশোরীর চরম আত্মত্যাগ

মুর্শিদাবাদের জলঙ্গি থানা এলাকায় প্রতিবেশী যুবকের ক্রমাগত উত্যক্ত করা ও ধর্ষণের চেষ্টার শিকার হয়ে প্রাণ দিল ১৫ বছরের এক কিশোরী। দশম শ্রেণির ওই ছাত্রী দীর্ঘদিন ধরে প্রতিবেশী এক যুবকের কুপ্রস্তাব ও কটূক্তির শিকার হচ্ছিল। গত মঙ্গলবার বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত যুবক কিশোরীকে গোয়ালঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। সেই সময় কিশোরীর বাবা চলে আসায় যুবকটি পালিয়ে যায়।

পরিবারের দাবি, ঘটনার পর লজ্জা ও ভয়ে কিশোরী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। হাসপাতালে চিকিৎসা শেষে শনিবার বাড়ি ফিরলেও মানসিক ট্রমা কাটিয়ে উঠতে পারেনি সে। শনিবার দুপুরে পরিবারের অলক্ষ্যে বাড়িতেই ঝুলে পড়ে কিশোরী। কিশোরীর বাবার অভিযোগ, ওই যুবক কেবল মেয়েকে উত্যক্তই করত না, প্রতিবাদ করলে তাঁকে (বাবাকে) কুপিয়ে খুনের হুমকিও দিত।

ডোমকলের এসডিপিও শুভম বাজাজ জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবক বর্তমানে পলাতক, পুলিশ তাকে ধরার জন্য তল্লাশি চালাচ্ছে। কিশোরীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।