বিহারের দারভাঙ্গায় নারকীয়কাণ্ড! ৬ বছরের শিশুকে ধর্ষণ ও খুনে রণক্ষেত্র এলাকা, পুলিশের হাতে গ্রেফতার ৬

বিহারের দারভাঙ্গা জেলায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে। শনিবার রাতের এই নৃশংস ঘটনাকে কেন্দ্র করে রবিবার বেলা মোড় এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে পুলিশের ওপর পাথর বৃষ্টি শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এই সহিংসতার ঘটনায় ৩০ জন নামধারী এবং ২০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে বিশ্ববিদ্যালয় থানার পুলিশ।

তদন্তে জানা গেছে, মূল অভিযুক্ত বিকাশ মাহাতো একজন মাদকাসক্ত টেম্পো চালক। তার স্বভাবের কারণে তিন স্ত্রীই তাকে ছেড়ে চলে গেছে। শনিবার রাতে পুকুর পাড়ে খেলার সময় সে শিশুটিকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে নির্যাতন ও খুন করে। গভীর রাতে কুকুরের চিৎকার শুনে গ্রামবাসীরা শিশুটির রক্তাক্ত দেহ উদ্ধার করে।

এসএসপি জগুনাথ রেড্ডি জানিয়েছেন, এসডিপিও রাজীব কুমারের নেতৃত্বে অভিযান চালিয়ে মূল অভিযুক্তসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে দাঙ্গাবাজদের শনাক্ত করার কাজ চালাচ্ছে। এলাকায় শান্তি ফেরাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার প্রক্রিয়া চালানোর আবেদন জানাবে পুলিশ। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে থাকলেও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।