লাইকের নেশায় জীবন্ত অগ্নিকুণ্ড! লাহোরে স্টান্ট দেখাতে গিয়ে দাউদাউ করে জ্বলল যুবকের মুখ

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার নেশা এবার ডেকে আনল চরম বিপদ। লাহোরে বসন্ত উৎসব চলাকালীন এক যুবকের রোমহর্ষক স্টান্টের ভিডিও এখন নেটপাড়ায় আতঙ্কের সৃষ্টি করেছে। লাইক ও ভিউ পাওয়ার লোভে মুখে পেট্রোল নিয়ে আগুন বের করার চেষ্টা করতে গিয়ে নিজের মুখেই আগুন লাগিয়ে ফেললেন ওই যুবক। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা তাঁর পুরো মুখ গ্রাস করে নেয়।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বাড়ির ছাদে বেশ কয়েকজন বন্ধুর মাঝে দাঁড়িয়ে ওই যুবক স্টান্ট দেখাচ্ছিলেন। কিন্তু আগুন জ্বালাতেই পেট্রোলের সংস্পর্শে এসে তাঁর ঠোঁট ও মুখ দাউদাউ করে জ্বলতে শুরু করে। যন্ত্রণায় ছটফট করতে থাকা যুবকটিকে বাঁচাতে গিয়ে সেখানে উপস্থিত বন্ধুরা আরও বড় ভুল করে বসেন। ভিডিওতে দেখা যায়, পীত রঙের টি-শার্ট পরা এক যুবক জল ভেবে ভুল করে পেট্রোলের বোতল ওই যুবকের মুখে ঢেলে দেন, যা আগুনকে আরও ভয়াবহ করে তোলে।
ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া এই ভিডিওটি দেখে নেটিজেনরা ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন। অনেকেই যুবকের এই দায়িত্বজ্ঞানহীন কাজের তীব্র সমালোচনা করেছেন। কেউ মন্তব্য করেছেন, “বিপজ্জনক জেনেও কেন এমন ঝুঁকি নেওয়া?” আবার কেউ হলুদ টি-শার্ট পরা বন্ধুর বোকামি দেখে হতবাক। এই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে, সস্তার জনপ্রিয়তার লোভে জীবনকে তুচ্ছ করা কতটা বড় বোকামি হতে পারে।