আমেরিকার সঙ্গে গোপন চুক্তি? বাজেট আলোচনার মাঝেই উত্তাল হতে চলেছে সংসদ!

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট নিয়ে আজ, সোমবার থেকে সংসদের উভয় কক্ষে শুরু হচ্ছে হাই-ভোল্টেজ আলোচনা। টানা নবমবারের মতো বাজেট পেশ করে ইতিহাস গড়েছেন অর্থমন্ত্রী। তবে এবারের বাজেটে প্রস্তাবিত পরিকাঠামো উন্নয়ন এবং কর কাঠামো নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়তে চলেছে মোদী সরকার।

বাজেটে অর্থমন্ত্রী ‘যুবশক্তি’ এবং ‘তিন কর্তব্য’-এর ওপর জোর দিয়ে আগামী পাঁচ বছরে ৭টি হাই-স্পিড রেল করিডোর এবং ২০টি জাতীয় জলপথ তৈরির মেগা প্ল্যান ঘোষণা করেছেন। তবে ফিউচার অ্যান্ড অপশন (F&O) ট্রেডিংয়ে সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স (STT) বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে বিনিয়োগকারী মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

অন্যদিকে, বিরোধী শিবির এই বাজেটকে ‘বৈষম্যমূলক’ বলে দেগে দিয়েছে। বিশেষ করে তামিলনাড়ুর ডিএমকে ১২ ফেব্রুয়ারি রাজ্যজুড়ে প্রতিবাদের ডাক দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে (BTA) কিছু কৃষি পণ্যে ‘শূন্য শুল্ক’ কেন রাখা হয়েছে, তা নিয়ে সংসদে সরকারকে চেপে ধরার প্রস্তুতি নিচ্ছে ইন্ডিয়া জোট। অধিবেশন শুরুর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে রণকৌশল সাজাতে বৈঠকে বসছেন বিরোধী নেতারা। সব মিলিয়ে, আজ উত্তাল হতে চলেছে সংসদ ভবন।