প্লেব্যাক ছাড়ার পরেই কি পদ্ম শিবিরে অরিজিৎ? তুঙ্গে জল্পনা, অবশেষে মুখ খুললেন জিয়াগঞ্জের ভূমিপুত্র!

গত ২৭ জানুয়ারি এক আকস্মিক ঘোষণায় স্তব্ধ করে দিয়েছিলেন গোটা সঙ্গীত জগতকে। অরিজিৎ সিং স্পষ্ট জানিয়েছিলেন, তিনি আর কোনো নতুন প্লেব্যাক বা চলচ্চিত্রের নেপথ্য গায়কের কাজ নেবেন না। কেরিয়ারের মধ্যগগণে থাকাকালীন গায়কের এই ‘অবসর’ ঘোষণার রেশ কাটতে না কাটতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এক চাঞ্চল্যকর দাবি— অরিজিৎ নাকি রাজনীতিতে যোগ দিচ্ছেন! বিশেষ করে কিছু মহলে রটে যায় যে, আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দিতে চলেছেন তিনি।

এই খবর ছড়িয়ে পড়তেই অরিজিৎ ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। প্রিয় গায়কের গায়ে রাজনীতির রঙ লাগুক, তা চাননি অনেকেই। জল্পনা যখন তুঙ্গে, তখনই আসরে নামেন স্বয়ং শিল্পী। এক্স হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) তাঁর ‘WhoamI’ অ্যাকাউন্ট থেকে এক ভক্ত সরাসরি প্রশ্ন করেন, ‘দাদা আপনি কি সত্যিই রাজনীতিতে আসছেন?’ উত্তরে স্বভাবোচিত ভঙ্গিতে অরিজিৎ সাফ জানিয়ে দেন, “আরে না রে বাবা। যা ইচ্ছে বলে দেয় লোক। শুধু খবর বানিয়ে দেওয়া লোকের কাজ হয়ে গিয়েছে।” গায়কের এই সপাট জবাবে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁর অনুরাগীরা।

প্লেব্যাক ছাড়ার কারণ হিসেবে অরিজিৎ আগেই জানিয়েছিলেন যে, বাণিজ্যিক গানের গণ্ডি এবং একই ধরনের কাজ করতে করতে তিনি ক্লান্ত ও ‘বোর’ হয়ে গিয়েছেন। নিজের সৃজনশীলতাকে বজায় রাখতে এবং স্বাধীনভাবে গান তৈরি করতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। জীবনের এই নতুন অধ্যায়ে নিজেকে নতুনভাবে মেলে ধরতে চান তিনি। রাজনীতির আঙিনায় নয়, বরং সুরের নতুন দুনিয়াতেই যে তাঁর বিচরণ থাকবে, তা স্পষ্ট করে দিলেন অরিজিৎ নিজেই।